খাগড়াছড়ি জেলা সদরের আকবাড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিউটন চাকমা (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নিউটন আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) সদস্য বলে জানা গেছে। বুধবার (৮ এপ্রিল) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ইউপিডিএফ সূত্রে জানা যায়, সকালে নিউটনসহ সংগঠনের দুই সদস্য আকবাড়ি এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতভাবে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। নিউটনের সাথে থাকা অপর সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত নিউটন চাকমা রাঙ্গামাটির মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে। পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) সরাসরি তাদের প্রতিদ্বন্দ্বী গ্রুপ ‘ইউপিডিএফ-গণতান্ত্রিক’-কে দায়ী করেছে। তবে তাৎক্ষণিকভাবে ইউপিডিএফ-গণতান্ত্রিকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।