মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ ৪০ দিন অনিশ্চয়তায় কাটানোর পর অবশেষে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে পণ্য নিয়ে রওনা দিলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেয়নি ইরান সরকার। বিএসসি সূত্র জানিয়েছে, গত বুধবার যুদ্ধবিরতির খবরের পর জাহাজটি প্রণালি পার হওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। টানা ৪০ ঘণ্টা যাত্রা শেষে শুক্রবার সকালে জাহাজটি হরমুজ প্রণালির প্রবেশমুখে পৌঁছায় এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তেহরানের কাছে পারাপারের অনুমতি চায়। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে ইরান সেই আবেদন প্রত্যাখ্যান করলে জাহাজটিকে পুনরায় শারজার দিকে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, কূটনৈতিকভাবে পারাপারের চেষ্টা চালানো হলেও বর্তমানে জাহাজটিকে নিরাপদ অবস্থানে ফিরিয়ে নেওয়া হচ্ছে। জাহাজে থাকা ৩১ জন নাবিক বর্তমানে সুস্থ আছেন এবং তাদের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। তবে সুপেয় পানির সংকট এড়াতে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে। ইঞ্জিন সচল রাখতে প্রতিদিনের পানি ব্যবহারের মাত্রা ১৮ টন থেকে কমিয়ে ৬ টনে আনা হয়েছে। প্রতিকূল এই পরিস্থিতিতে নাবিকদের মনোবল চাঙ্গা রাখতে তাদের জন্য দৈনিক খাবারের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এবং মূল বেতনের সমপরিমাণ বিশেষ যুদ্ধকালীন ভাতা বা ‘ওয়ার অ্যালাউন্স’ প্রদান করা হচ্ছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে পারস্য উপসাগরে প্রবেশের পর থেকেই যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি সেখানে আটকা পড়েছিল।