দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে আইনজীবীদের একমাত্র নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১৯ মে বার কাউন্সিলের সাধারণ ও আঞ্চলিক মিলিয়ে মোট ১৪টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বুধবার (১৫ এপ্রিল) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাচন স্থগিতের এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী চলমান জ্বালানি সংকটের কারণে নির্বাচনে অংশগ্রহণকারী আইনজীবীদের প্রচার-প্রচারণা ও যাতায়াত কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া এই একই ইস্যুতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির পক্ষ থেকে পাওয়া আবেদন ও অনুরোধগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে।
এসব কারণ সার্বিক বিবেচনা করে বার কাউন্সিলের জরুরি সভায় আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য নির্বাচনটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই নির্বাচনের পরবর্তী তারিখ কবে হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।