নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে ধানী জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কেটে পুকুর খননের অভিযোগে এক জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের মাউল বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।
প্রশাসন সূত্রে জানা যায়, মাউল মৌজায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের সত্যতা পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী জমির মালিক আব্দুল মজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাটি কাটার কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, “ধানী জমির মাটি কেটে ফেলা শুধু আইনবিরোধীই নয়, এটি আমাদের কৃষিব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কার্যক্রমে জমির উর্বরতা নষ্ট হয় এবং খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে।”
ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে তিনি আরও বলেন, “এসব ক্ষেত্রে কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। স্থানীয় জনগণকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।”
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী জানান, কৃষি জমি নষ্ট করে পুকুর খননের অভিযোগ পাওয়ার পরপরই সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে এবং পুকুর খনন বন্ধ করা হয়েছে। কৃষি জমি রক্ষায় প্রশাসনের এমন নজরদারি অব্যাহত থাকবে।