বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

বিপিএলে দুর্নীতি ও বেটিং: ক্রিকেটারসহ ৫ জনের বিরুদ্ধে বিসিবির কঠোর ব্যবস্থা

স্পোর্টস ডেস্ক / ৫৫ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে দুর্নীতি, বেটিং বা জুয়া এবং তদন্তে অসহযোগিতার দায়ে ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি মালিক ও কর্মকর্তাসহ মোট পাঁচজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিটের তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য গোপন করা এবং তদন্ত কাজে বাধা দেওয়ার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদারের বিরুদ্ধে সরাসরি জুয়ায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এছাড়া টিম ম্যানেজার মো. লাবলুর রহমান এবং ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য প্রদান না করা এবং কল রেকর্ড বা মেসেজের মতো গুরুত্বপূর্ণ তথ্য ধ্বংস করার অভিযোগ রয়েছে। অন্যদিকে, টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকীর বিরুদ্ধেও সরাসরি বাজিতে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বোর্ড। বিসিবি এই চারজনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে এবং অভিযোগের জবাব দেওয়ার জন্য তাদের ১৪ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

একইসঙ্গে বিপিএলের আগের কয়েকটি আসরে (৯ম, ১০ম ও ১১তম) আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সঙ্গে যোগাযোগ এবং খেলোয়াড়দের ফিক্সিংয়ের কুপ্রস্তাব দেওয়ার দায়ে সামিনুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে আজীবন বর্জন আদেশ জারি করেছে বিসিবি। সামিনুর নিজের দোষ স্বীকার করে নেওয়ায় তিনি এখন থেকে বিসিবির কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এদিকে বিপিএলের সবশেষ আসরগুলোতে চরম অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি দাবি করেছেন, কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই আগের আসরগুলোতে নোয়াখালী ও সিলেটের মতো দল অংশ নিয়েছিল এবং চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি বিসিবি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ায় বোর্ডের প্রায় ১৪ থেকে ১৬ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বিপিএলকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ করতে এখন থেকে বিসিবি আর কোনো খেলোয়াড়ের পারিশ্রমিকের নিশ্চয়তা বা দায়িত্ব নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি।


এ জাতীয় আরো খবর...