শিরোনামঃ
সীমান্তে কৃষকদের খাদ্য ও কৃষি নিরাপত্তা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: জাতীয় পার্টির খরচ মাত্র ৫ লাখ টাকা ফিফা বিশ্বকাপ ২০২৬: ইরাক ও মরক্কো দলের অফিশিয়াল এআই স্পনসর গুগল জেমিনি রয়টার্সের চাঞ্চল্যকর প্রতিবেদন: যুদ্ধের সময় ইরানে গোপনে হামলা চালিয়েছিল সৌদি আরব প্রার্থনা… রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষাই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী ইসির ৫০০ কোটি টাকার প্রকল্পে সায় নেই প্রধানমন্ত্রীর কোরবানির চামড়ার নতুন দাম নির্ধারণ সরকারের, সংরক্ষণে দেওয়া হবে বিনা মূল্যে লবণ নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ: জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ অধ্যায়, ৭ই নভেম্বর ও ২০২৪-এর গণঅভ্যুত্থান
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সীমান্তে কৃষকদের খাদ্য ও কৃষি নিরাপত্তা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক / ২ বার
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের সীমান্ত এলাকার প্রান্তিক পর্যায়ের মানুষদের কোনো খাদ্য ও কৃষি নিরাপত্তা নেই। নিজ দেশের ভূমি হওয়া সত্ত্বেও সেখানে কৃষকরা স্বাধীনভাবে ধান উৎপাদন বা চাষাবাদ করতে পারছেন না। বুধবার (১৩ মে) বিকেলে এনসিপির কৃষি সেল আয়োজিত ‘ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার : সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সীমান্তে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, গতকাল সীমান্তে যাওয়ার সময় পুলিশ তাকে বাধা দেয়। নিজ দেশের ভেতরে চলাচলে এমন বাধা দেওয়াকে তিনি বর্তমান সরকারের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, সীমান্তে কৃষকরা নিজেদের জমিতে যেতে পারেন না এবং সেখানে প্রায়ই বড় ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের বাংলাদেশে ঢুকে গরু চুরি করতে এসে গ্রামবাসীর ধাওয়া খাওয়ার ঘটনার কথা উল্লেখ করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যদি ভারতের কোনো রাজনৈতিক নেতা বা ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক অধিকার হরণ করতে আসে, তবে দেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে এবং এই অঞ্চল থেকে তাদের আধিপত্য নিশ্চিহ্ন করবে।

কৃষিনির্ভর রাজনীতির প্রসঙ্গ টেনে এনসিপি নেতা বলেন, মওলানা ভাসানী কৃষকদের কথা ভেবে তার দলের জন্য একটি মার্কা রেখেছিলেন, যা এখন বেদখল হয়ে গেছে। তিনি আক্ষেপ করে বলেন, যে ধান মার্কা কৃষকদের রক্ষা করার কথা ছিল, সেই মার্কা আজ বগুড়া ছেড়ে গুলশানে চলে এসেছে। তারা আজ ক্ষমতায় থাকলেও হাওরের বাস্তব ধান আজ পানির নিচে তলিয়ে গেছে। তাঁর মতে, কৃষকদের স্বার্থ রক্ষার বদলে বর্তমানে ধানকেন্দ্রিক সিন্ডিকেট ও ব্যবসায়ী গোষ্ঠীদের তোষণ ও পুনর্বাসন করা হচ্ছে।

সবশেষে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর জোর দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারত সাম্রাজ্যবাদের সামনে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্বাধীনভাবে টিকে থাকা পৃথিবীর অন্যতম এক বিস্ময়। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এ দেশের মানুষ প্রয়োজনে না খেয়ে থাকবে, কিন্তু কারও কাছে মাথা নত করবে না। তিনি সরকারকে দেশের সাধারণ মানুষের এই চাহিদা ও আকাঙ্ক্ষা বুঝে রাজনীতি করার এবং কৃষকদের প্রকৃত মুক্তির পথে কাজ করার আহ্বান জানান।


এ জাতীয় আরো খবর...