শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ১৯ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে আজ বৃহস্পতিবার সকালে এক ভাড়া বাসায় ঢুকে মা ও তার দুই মেয়েকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন—মা শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। এছাড়া গুরুতর আহত অবস্থায় মেজ মেয়ে ইকরা আক্তারকে (১৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। নিহতদের বাড়ি কুমিল্লা জেলায় হলেও তারা গত কয়েক বছর ধরে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শাহিনুর বেগমের স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে শাহিনুর তার তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে ওই বাসায় থাকতেন। আজ সকালে অজ্ঞাতপরিচয় এক যুবক বাসায় প্রবেশ করে তাদের ওপর অতর্কিতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মা ও দুই মেয়ে প্রাণ হারান। ঘটনার পর স্থানীয়রা ঘাতক সন্দেহে ওই যুবককে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ঘাতকের পরিচয় পাওয়া যায়নি।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম জানান, হাসপাতালে মোট পাঁচজনকে আনা হয়েছিল, যার মধ্যে মা ও দুই মেয়েকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সবার শরীরেই ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। এছাড়া ঘাতক সন্দেহে গণপিটুনির শিকার যুবকের মাথায়ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এদিকে, এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং উত্তেজিত জনতা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে পুলিশের ৬ থেকে ৭ জন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ জানিয়েছেন, বর্তমানে মরদেহগুলো হাসপাতালে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘাতকের পরিচয় নিশ্চিত করতে পুলিশি তদন্ত চলছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


এ জাতীয় আরো খবর...