গণভোটে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন না হলে সরকারবিরোধী আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, জনগণের সংস্কারের প্রত্যাশা উপেক্ষা করা হলে সরকার পতনের আন্দোলন গড়ে তোলা হবে এবং শহীদদের আত্মত্যাগের সঙ্গে কোনো আপস করা হবে না।
রোববার (২৮ জুন) বিকেলে মৌলভীবাজার জেলা পরিষদ অডিটোরিয়ামে ১১ দলীয় ঐক্যজোটের বড়লেখা উপজেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত ১৭ বছরে রাজনৈতিক আন্দোলনে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যেতে বাধ্য হন।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের একটি সুস্পষ্ট কর্মসূচি জনগণের সামনে তুলে ধরা হয়েছিল। জনগণ নির্বাচনে অংশ নিয়ে একদিকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন, অন্যদিকে রাষ্ট্রীয় পরিবর্তন ও সংস্কারের পক্ষেও মত দিয়েছেন বলে দাবি করেন তিনি।
এনসিপির এই নেতা আরও বলেন, নির্বাচনে দেশের ৭৫ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু সরকার সেই জনমত বাস্তবায়নের পথে না গিয়ে ভিন্ন পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি। এ কারণে ১১ দলীয় জোট দেশজুড়ে কর্মসূচি পালন করছে এবং শিগগিরই সিলেট বিভাগে একটি মহাসমাবেশ আয়োজন করা হবে বলেও জানান।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিতায় বিশ্বাস করে তার দল। তিনি দাবি করেন, আওয়ামী লীগকে আইনের আওতায় এনে বিচার করা উচিত।
পররাষ্ট্রনীতি নিয়েও বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না।
সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করেন, সম্প্রতি বড়লেখা সীমান্ত এলাকায় ভারত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা হয়েছে। এ সময় সীমান্তের বাসিন্দারা বিজিবির সঙ্গে থেকে পরিস্থিতি মোকাবিলায় ভূমিকা রেখেছেন বলেও তিনি মন্তব্য করেন।
সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ, বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক মোহাইমিন সালেহ এবং খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এমএম আতিকুর রহমানসহ অন্যরা।
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বড়লেখা সফরকে কেন্দ্র করে শহরে উত্তেজনা দেখা দেয়। তিনি আসরের নামাজ আদায়ের জন্য বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদে যাওয়ার সময় কয়েকজন বিক্ষোভকারী স্লোগান দেন। পরে দক্ষিণবাজার এলাকায় তার গাড়িবহরের গতিরোধের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।