ব্রাজিল ফুটবল দলকে শুভকামনা জানিয়ে দেয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে পোস্টের লেখার চেয়ে বেশি নজর কেড়েছে সেখানে ব্যবহৃত একটি ছবি।
সোমবার (২৯ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ উপলক্ষে তিনি লিখেন, ‘অল দ্য বেস্ট টিম ব্রাজিল।
পোস্টে প্রকাশিত ছবিতে দেখা যায়, রুমিন ফারহানার পাশে ব্রাজিলের জার্সি হাতে দাঁড়িয়ে আছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল।
ছবিটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর অনেক ব্যবহারকারী ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। কেউ জানতে চান, ছবিটি কবে তোলা হয়েছে এবং বিরোধী দুই সংসদ সদস্য কীভাবে একসঙ্গে এই ছবি তুলেছেন। আবার কেউ কেউ দাবি করেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি হতে পারে।
এদিকে এস এম ফয়সলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এমন কোনো ছবি তোলার বিষয়ে তিনি অবগত নন।
তবে ছবিটি এআই দিয়ে তৈরি—এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যাচাই বা প্রমাণ প্রকাশিত হয়নি। একইভাবে ব্যারিস্টার রুমিন ফারহানাও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য বা ব্যাখ্যা দেননি।
ফলে একটি সাধারণ ফুটবল শুভেচ্ছা পোস্ট এখন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। ছবিটির প্রকৃত উৎস ও সত্যতা সম্পর্কে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন অনেকেই।