শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শাওন-মাহিসহ তিন জনের বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক / ০ বার
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬

অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় করা জিডিটি করা হয়েছে জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে।

শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর প্রতিনিধিরা শাহবাগ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এসআই স্বপন।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন, এর স্মৃতি এবং শহীদদের আত্মত্যাগকে অবমাননাকরভাবে উপস্থাপন করে বিভিন্ন মন্তব্য ও প্রচার চালিয়েছেন। এসব কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি করেছে বলে অভিযোগকারীদের দাবি।

লিখিত অভিযোগে আরও বলা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু আন্দোলনকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে এর গুরুত্ব ও তাৎপর্য খাটো করার চেষ্টা করা হয়েছে।

এ ছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, শান্তা ফারজানা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন। অভিযোগকারীদের দাবি, ভিডিওটি প্রকাশের পর জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং এর সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হবে। তদন্তে অভিযোগের সত্যতা ও প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এ জাতীয় আরো খবর...