বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

বিকেলে বসছে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্ব

নিজস্ব প্রতিবেদক / ১ বার
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন আজ বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় শুরু হবে। অধিবেশনের শুরুতেই অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্ব। জাতীয় সংসদ সচিবালয়ের আইন শাখা-১ থেকে প্রকাশিত দিনের কার্যসূচি থেকে এ তথ্য জানা গেছে।

কার্যসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে।

এদিনের অধিবেশনে জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তিনটি মনোযোগ আকর্ষণ নোটিশ আলোচনার জন্য রাখা হয়েছে। এর মধ্যে প্রথম নোটিশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষতিগ্রস্ত অর্থ গ্রাহকদের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হবে।

দ্বিতীয় নোটিশে বন্যাপ্রবণ এলাকায় বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণ, দুর্যোগ সহনশীল বাঁধ স্থাপন এবং বিশুদ্ধ খাবার পানি ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।

তৃতীয় নোটিশে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের চাকরি, আহতদের পুনর্বাসন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্রশাসনের ভূমিকার তদন্তের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।

সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশনে এসব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।


এ জাতীয় আরো খবর...