রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সাভারে দুই দশক পর অপসারণ হচ্ছে মহাসড়কের পাশের আবর্জনা

নিজস্ব প্রতিবেদক / ৩ বার
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬

রাজধানী ঢাকার অদূরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশ যেন ময়লার ভাগাড়। আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় গত ২০ বছর ধরে এই মহাসড়কের দুই ধার ব্যবহৃত হচ্ছে অঘোষিত ডাম্পিং ইয়ার্ড হিসেবে।

আবর্জনার অব্যবস্থাপনা ও দুর্গন্ধে চরম ভোগান্তিতে আছেন সাভারের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কে চলাচল করা যাত্রী ও আশপাশের বাসিন্দারা। পাশেই আমিনবাজারের সরকারি ল্যান্ডফিল। সেখানেও পুরোদমে চলছে আবর্জনা ফেলার কাজ। এতে কেবল স্থানীয়দের দুর্ভোগ বাড়ার পাশাপাশি বিপন্ন হচ্ছে পরিবেশ।

অবশেষে দুই দশক পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এলাকাটি দুর্গন্ধমুক্ত ও মহাসড়কের দুই পাশ দৃষ্টিনন্দন করতে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় আমিনবাজার ভাঙ্গা ব্রিজ এলাকার ১ দশমিক ২ কিলোমিটার রাস্তার বর্জ্য পরিষ্কার করে ১৫ ফিট বালু দিয়ে নেটিং করে ব্যারিকেড দেওয়া হবে। রাস্তার দুই পাশ থেকে অবৈধভাবে ফেলা ময়লা অপসারণ করে নির্ধারিত ল্যান্ডফিলে স্থানান্তর করা হচ্ছে। পাশাপাশি বালি ও মাটি দিয়ে রাস্তার দুই পাশ ভরাট করে ঢাল (স্লোপ) তৈরি করা হচ্ছে, যাতে বৃষ্টির পানিতে মাটি ক্ষয় না হয়।

সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাস্তার দুই পাশে নিম, সুপারি ও নারিকেল গাছ রোপণ করা হবে। এ ছাড়া নতুন করে যাতে কেউ ময়লা ফেলতে না পারে, সে জন্য রাস্তার দুই পাশে উঁচু বেড়া নির্মাণ এবং নিয়মিত নজরদারি জোরদার করা হবে।

কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম শনিবার সকালে মহাসড়কের পাশের অব্যবস্থাপনা নিরসন কার্যক্রম পরিদর্শন করেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে আমিন বাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কটি শুধু দুর্গন্ধমুক্তই হবে না বরং একটি পরিচ্ছন্ন, সবুজ ও দৃষ্টিনন্দন পরিবেশে পরিণত হবে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ঢাকা জেলা প্রশাসক, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করার নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডা নয় একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য দেশে পরিণত করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি জানান, আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত মহাসড়কের দুই পাশ দীর্ঘদিন ধরে বর্জ্য ও অব্যবস্থাপনার কারণে অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তার নির্দেশে ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার এলাকায় বর্জ্য অপসারণ, পরিবেশ পরিচ্ছন্নকরণ এবং মহাসড়কের দুই পাশে নিমগাছের চারা রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রায় ২০ বছর পর ঢাকা-আরিচা মহাসড়কের এ অংশ দুর্গন্ধ মুক্ত হবে।

মীর শাহে আলম আরও বলেন, ‘বৃষ্টির পানি নেমে যাওয়ার সাথে সাথে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো সংস্কার করার করা হবে। একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে যেখানে-সেখানে বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে।’

সাভার পৌরসভা এলাকার বাসিন্দা, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত ভাগাড়ে বর্জ্য ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সফল হবে।

উল্লেখ্য, গত ৭ জুলাই প্রধানমন্ত্রী মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাওয়ার পথে আমিন বাজার-হেমায়েতপুর সড়কের পাশে দীর্ঘদিনের ময়লার ভাগাড় ও তীব্র দুর্গন্ধ পরিস্থিতি তার দৃষ্টিগোচর হয়। এ সময় তিনি তাৎক্ষণিক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।


এ জাতীয় আরো খবর...