বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

আবারও বৃষ্টি ও নিম্নচাপের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক / ৪ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

গত ৫ জুলাই থেকে টানা বৃষ্টিপাতের পর মঙ্গলবার রাজধানী ঢাকার আকাশ অনেকটাই মেঘমুক্ত ও উজ্জ্বল। তবে মাঝে কিছুটা সময় রোদের দেখা মিললেও সূর্য আবারও মেঘের আড়ালে ঢাকা পড়েছে। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি প্রায় একই রকম থাকার সম্ভাবনা আছে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এরপর আবারও বাড়বে বৃষ্টির প্রবণতা।

আকাশ উজ্জ্বল হলেও দিনের শেষ ভাগে ঢাকায় মঙ্গলবার বৃষ্টি হতে পারে, বলছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।

একইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারী বর্ষণ বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর। রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী শুক্রবারের পর থেকে বৃষ্টিপাত একটু বাড়তে পারে। তবে বিগত দিনে যেমন অতি ভারী বর্ষণ হয়েছে, সে রকম হওয়ার সম্ভাবনা খুবই কম বা ক্ষীণ।

তিনি বলেন, ‘বর্ষায় মৌসুমি নিম্নচাপের পর সাধারণত বৃষ্টির প্রবণতা বাড়ে। এবারও তাই হয়েছে। জুলাই মাসে দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। যে অতিরিক্ত বৃষ্টি হলো, সেটি মৌসুমি নিম্নচাপের কারণে।’

এ মাসের শেষের দিকে আরেকটি লঘুচাপের সম্ভাবনা আছে। তবে সেটি তুলনামূলকভাবে দুর্বল থাকবে। এর প্রভাবে খুব বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম বলে উল্লেখ করেন তিনি।


এ জাতীয় আরো খবর...