হংকংভিত্তিক আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ আইনি সাময়িকী ‘এশিয়া বিজনেস ল’ জার্নাল’ বাংলাদেশের শীর্ষ আইনজীবীদর একটি তালিকা ‘দ্য এ-লিস্ট ২০২৬’ প্রকাশ করেছে। এতে শীর্ষ অবস্থানে রয়েছেন দেশের অন্যতম প্রখ্যাত আইনজ্ঞ ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার নিহাদ কবির, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত।
দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ল ফার্মের পার্টনার এবং ইন-হাউস লিগ্যাল কাউন্সেলদের মনোনয়ন, স্বাধীন গবেষণা ও ক্লায়েন্টদের মূল্যায়নের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়।
বাংলাদেশের সেরা ৫৬ শীর্ষ আইনজীবীর এই তালিকায় দেশের আরও বেশ কয়েকজন প্রখ্যাত আইনজ্ঞের নাম রয়েছে।
গত মঙ্গলবার এশিয়া বিজনেস ল’ জার্নাল তাদের ওয়েবসাইটে এই আন্তর্জাতিক র্যাঙ্কিং তালিকা প্রকাশ করে। তারা বলছে, অর্থনৈতিক মন্দা ও ব্যবসায়িক চ্যালেঞ্জের এই সময়ে বাংলাদেশে এমন আইনজীবীদের চাহিদা সবচেয়ে বেশি, যারা কেবল আইনি সমাধানই দেন না, বরং জটিল ব্যবসায়িক ও বাণিজ্যিক ক্ষেত্রে বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম।
এশিয়া বিজনেস ল’ জার্নাল প্রতি বছর এশিয়ার দেশগুলোর শীর্ষস্থানীয় আইনজীবীদের পারফর্মেন্স ও যোগ্যতার ওপর ভিত্তি করে এই মর্যাদাপূর্ণ র্যাঙ্কিং তালিকা দিয়ে থাকে।