রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

বিরামপুর সীমান্তে ৯ নারীকে পুশইন চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক / ৪ বার
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

দিনাজপুরের বিরামপুরে ভাইগড় সীমান্ত দিয়ে নয় নারীকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই নারীদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয় এবং ওই নারীদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

বিজিবির ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম জানান, ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তের ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় শ্রী রামপুর এলাকার দিক থেকে নয় নারীকে পুশইনের চেষ্টা করা হয়।

এই ঘটনার পর সীমান্ত এলাকায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়তে থাকে। এতে সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। শেষ পর্যন্ত পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ওই নারীরা ভারতীয় সীমান্তেই ফিরে যায়।

স্থানীয় কয়েকজন গ্রামবাসী জানান, ভোরে বিজিবির বাঁশির শব্দ শুনে তারা ঘুম থেকে উঠে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন নয়জন নারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। পরে গ্রামবাসী ও বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করেন।

সীমান্ত দিয়ে যাতে কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম।


এ জাতীয় আরো খবর...