শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সারজিস-নাসীরুদ্দীনের নেতৃত্বে টাকা-মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক / ৭ বার
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ নেতার বিরুদ্ধে ছিনতাই, হত্যাচেষ্টা, মারধর ও ভাঙচুরের অভিযোগ করেছে ছাত্রদল। অভিযোগে আরও ৪০ থেকে ৫০ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন।

অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের শহীদ রিপন নীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোকসভায় যোগ দিতে যাওয়ার সময় কোর্ট মসজিদ এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন।

লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, হামলার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, আবু রেজা মস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরী মুবিনসহ এনসিপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেন। এতে কয়েকজন ছাত্রদল নেতাকর্মী গুরুতর আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়, হামলার সময় নগদ ৫০ হাজার টাকা এবং চারটি আইফোন (আইফোন ১১, ১৩, ১৪ ও ১৫) ও একটি স্যামসাং এস-২২ স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। এসব মোবাইল ফোনের মোট মূল্য কয়েক লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর অভিযুক্তরা স্থান ত্যাগ করেন। পরে আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ৯ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে এনসিপির অভিযুক্ত নেতাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


এ জাতীয় আরো খবর...