শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

পরিবহন খাতে চাঁদাবাজি বেড়েছে, সরকারি দলের লোকজন জড়িত: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক / ৯ বার
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বর্তমান সরকারের সময়েও পরিবহন খাতে চাঁদাবাজি ও দুর্নীতি কমেনি, বরং আরও বেড়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, সরকারি দলের লোকজনই পরিবহন শ্রমিকদের হয়রানি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।

শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা থাকার পরও যদি অনিয়ম বন্ধ না হয়, তাহলে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছেন শ্রমিকরা, এরপর ছাত্র-জনতা। তাই রাষ্ট্র পরিচালনায় তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে।

তিনি বলেন, যারা নিজেদের গণতন্ত্রে বিশ্বাসী বলে দাবি করেন, তাদের জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় নিশ্চিত করা উচিত।

অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, চাঁদাবাজিমুক্ত সরকার প্রতিষ্ঠা ছাড়া পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়।

তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।


এ জাতীয় আরো খবর...