রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হবে আরও এক জোড়া নতুন ট্রেন

নিজস্ব প্রতিবেদক / ৭ বার
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬

ঢাকা–কক্সবাজার রুটে চলতি মাসেই আরও এক জোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একই সঙ্গে দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে পরিচালনার লক্ষ্যে এর ব্যবস্থাপনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে রামুর কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

হাবিবুর রশিদ বলেন, পর্যটননগরী কক্সবাজারে দিন দিন যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে। এ বাড়তি চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবার মান উন্নয়নে সরকার কাজ করছে।

তিনি বলেন, চলতি মাসে নতুন এক জোড়া ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং টিকিটের ওপর চাপও কিছুটা কমবে। এতে ঢাকা–কক্সবাজার রুটে যাতায়াত আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী হবে।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্টেশনটির পরিচালনা ও সেবার মান উন্নত করতে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে খোঁজখবর নেন। পরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে স্টেশনটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, স্থানীয় সাংবাদিক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...