রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

নোয়াখালীতে মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক / ৮ বার
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬

নোয়াখালীতে অনুষ্ঠিত এক ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’কে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বক্তারা। তারা সংগঠনটিকে ‘ঈমান বিধ্বংসী’ ও ‘জঙ্গি সংগঠন’ হিসেবে উল্লেখ করে সরকারের কাছে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। শনিবার (১ আগস্ট) নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুর এবং ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, এতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অভিযোগ করেন, ‘হিজবুত তাওহীদ’ বিভিন্ন কার্যক্রমের আড়ালে মুসলমানদের বিভ্রান্ত করছে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করছে। তিনি সংগঠনটিকে সরকারিভাবে নিষিদ্ধ করার দাবি জানান।

 

দুই অধিবেশনে অনুষ্ঠিত সমাবেশে জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুরের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান এবং হেফাজতে ইসলাম নোয়াখালী জেলার আমির মাওলানা নিজাম উদ্দিন সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন মুফতি মুঈনুদ্দিন তৈয়বপুরী ও মাওলানা মহিউদ্দিন।

 

সমাবেশে বক্তব্য দেন আল্লামা খলিল আহমদ কুরাইশী, আল্লামা আব্দুল হামিদ মধুপুরী, মুফতি আরশাদ রহমানী, আল্লামা সালাউদ্দিন নানুপুরী, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, শায়খ সাজিদুর রহমান, মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম, মাওলানা আজিজুল্লাহ নবাব, মাওলানা সিদ্দিক আহমদ নোমান ও মাওলানা নুরুল ইসলামসহ অনেকে।

 

এ ছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, ব্যবসায়ী নেতা মো. ইকরাম উল্লাহ ডিপটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে সংহতি প্রকাশ করেন।

 

বক্তারা সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, ‘হিজবুত তাওহীদ’কে দ্রুত নিষিদ্ধ করতে হবে, সংগঠনটির প্রকাশনা ও ওয়েবসাইট বন্ধ করতে হবে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সংগঠনটির বিরুদ্ধে এবং সংগঠনটির পক্ষ থেকে দায়ের করা বিভিন্ন মামলার বিষয়েও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

 

সমাবেশ থেকে দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান এবং আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জেলা-উপজেলায় সেমিনার, মাহফিল ও মতবিনিময় সভাসহ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়।

 

প্রসঙ্গত, সমাবেশে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে ‘হিজবুত তাওহীদ’-এর কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন যাচাইও তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি।


এ জাতীয় আরো খবর...