নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার সারা দেশে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, বিশেষ দোয়া, রক্তদান কর্মসূচি এবং সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
নোয়াখালীতে ভোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। একই সঙ্গে জেলা তথ্য অফিসের উদ্যোগে জুলাই আন্দোলনের দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
ঝালকাঠিতে জেলা প্রশাসনের নেতৃত্বে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
খাগড়াছড়িতে সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।
মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই যোদ্ধারা জুলাই সনদ বাস্তবায়ন এবং শহীদদের হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।
খুলনায় জেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি রক্তদান কর্মসূচি, কবর জিয়ারত, আলোচনা সভা, শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
সাতক্ষীরায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা এবং শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
বরিশালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা এবং শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় শহরের ঢাকা রোড এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।এ উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে জুলাইয়ের কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনায় জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
নেত্রকোনায় ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান জানান।