ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে সিজদায় গিয়ে আর উঠতে পারেননি হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ। সিজদারত অবস্থায়ই নিভে গেছে তার জীবনপ্রদীপ। সোমবার (১৭ আগস্ট) ভোরে পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে এ ঘটনা ঘটে। হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ ওই মসজিদের ইমাম ছিলেন।
ভোরে মসজিদে এসে ফজরের সুন্নত নামাজ শুরু করেন তিনি। দ্বিতীয় রাকাতে সিজদায় যাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তার কোনো নড়াচড়া না দেখে মুসল্লিরা কাছে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।
আতাউল্লাহর বাড়ি দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজারসংলগ্ন এলাকায়। তিনি মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান।
পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদরাসায় পড়াশোনা করা আতাউল্লাহ দুই সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর ধরে শ্রীরামপুর বাজার মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গেও তার ছিল আন্তরিক সম্পর্ক।
আতাউল্লাহর মামাতো ভাই মহিবুল্লাহ জানান, পরিবারের একমাত্র সন্তান ছিলেন আতাউল্লাহ। তার দুটি ছোট সন্তান রয়েছে। আকস্মিক এ মৃত্যুতে স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার জোহরের নামাজের পর দুমকীর শ্রীরামপুর বাজার মসজিদের সামনে আতাউল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে আসরের নামাজের পর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।