চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে রাজন হোসেন নামে একজনকে উদ্ধার করেছে মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (২১ আগস্ট) মস্কো সময় রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে দেশে ফেরার বিমানে তুলে দেওয়া হয়েছে তাকে। আগামীকাল রোববার তিনি দেশে ফিরবেন।
মস্কোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান জানান, রাজনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পর তার প্রত্যাবাসন নিশ্চিত করা হয়। উদ্ধার থেকে শুরু করে দেশে ফেরানোর পুরো প্রক্রিয়া দূতাবাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
দূতাবাস জানিয়েছে, রাজন হোসেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে বাংলাদেশে আসবেন। রোববার বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে তার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ৩০ বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১ জুন আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫) নামে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করে জামানত বাজেয়াপ্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।