জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসের প্রক্রিয়ার সঙ্গে বিরোধী দল কোনোভাবেই সম্পৃক্ত থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র ড. নাজিবুর রহমান। একই সঙ্গে বিলটি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকও বর্জন করেছে দলটি।
রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জনের পর সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি।
ড. নাজিবুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মানবাধিকার-সংক্রান্ত আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল।
আইনটি আরও শক্তিশালী করার কথা থাকলেও সংসদে তোলার উদ্যোগ নেওয়া বর্তমান বিলটি আন্তর্জাতিক কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি অভিযোগ করেন, আগের আইনকে শক্তিশালী করার পরিবর্তে প্রস্তাবিত বিলে জাতীয় মানবাধিকার কমিশনকে আরও দুর্বল করার ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি সংসদীয় স্থায়ী কমিটির স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগও সীমিত করা হয়েছে।
তিনি আরও বলেন, বিলটি সংসদে তোলার আগে সংসদীয় স্থায়ী কমিটির ‘হাত-পা বেঁধে দেওয়া হয়েছে’।
মাত্র দুই দিনের মধ্যে বিলের প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। ফলে কমিটির সদস্যদের স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ থাকছে না।
প্রস্তাবিত বিলটি বিতর্কিত দাবি করে জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য বলেন, এটি কার্যকর হলে জনগণের মানবাধিকার ও নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার আশঙ্কা রয়েছে। স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ না থাকায় তারা এ প্রক্রিয়ার সঙ্গে থাকতে চান না।
তিনি বলেন, এ কারণেই জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসের প্রক্রিয়া থেকে বিরোধী দল সরে দাঁড়িয়েছে এবং সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে।