শিরোনামঃ
লোহিত সাগরের ভূ-রাজনৈতিক সমীকরণ কী বদলে যাচ্ছে? ভাইভায় বিশেষ নম্বরে কাউকে পাশ করানোর পরিকল্পনা নেই সরকারের: পানিসম্পদমন্ত্রী লংমার্চে উৎসাহিত হয়ে বিভিন্ন জায়গায় ‘ফ্যাসিস্টরা’ মিছিল করছে: পাট প্রতিমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী তিন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সংকট স্বীকার না করে সরকার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক / ৬ বার
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশপ্রেমের জায়গা থেকে দেশি-বিদেশি কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে সরকারকে বিনামূল্যে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সরকার সংকটের কথা স্বীকার না করে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছে। এ কারণে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন ও লংমার্চ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছে জামায়াত।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বগুড়া সার্কিট হাউসে জেলা ও মহানগরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, বৈষম্য দূর করা, বেপরোয়া দলীয়করণ বন্ধ, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং সারের সরবরাহ নিশ্চিত করার দাবিতে তারা আন্দোলন করছেন।

দেশের অর্থনীতি ও শিল্প খাতের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের অবকাঠামো ও শিল্প খাত প্রত্যাশিত পর্যায়ে এগোয়নি। তৈরি পোশাক খাত বর্তমানে সংকটের মুখে রয়েছে। বিদ্যুৎ ও সারের পর্যাপ্ত সরবরাহ না থাকায় উৎপাদন কমে যাচ্ছে। এতে ব্যবসায়ীরা ব্যাংক ঋণ পরিশোধে সমস্যায় পড়ছেন, শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা বাড়ছে এবং আন্তর্জাতিক ক্রেতারা অন্য দেশের দিকে চলে যাচ্ছেন।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি একসময় মিনি শিল্পনগরী ও এডুকেশন ভিলেজ হিসেবে পরিচিত ছিল। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরে একটি মেডিকেল কলেজ ছাড়া শিক্ষাক্ষেত্রে বড় কোনো অগ্রগতি হয়নি। শিল্পকারখানাগুলোও টেকসইভাবে গড়ে ওঠেনি। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগসহ অতীতের কোনো সরকারই বগুড়াকে তার প্রাপ্য উন্নয়ন দেয়নি। ধুনটে যাওয়ার পথে সড়কের জরাজীর্ণ অবস্থা দেখেও বগুড়ার প্রতি অবহেলার চিত্র স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বগুড়ার ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার থাকার অঙ্গীকার করে শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে যেমন সারা দেশের দায়িত্ব রয়েছে, তেমনি বিরোধীদলীয় নেতা হিসেবে সারা দেশের মানুষের অধিকার রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করবেন তিনি। বগুড়া যেন আলোচনার আগেই তার ন্যায্য পাওনা পায়, সে জন্য রাজপথ ও সংসদে দাবি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চব্বিশের গণঅভ্যুত্থান ও সংস্কার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, রাষ্ট্রের শাসনতন্ত্রে বড় ধরনের পরিবর্তনের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে ৮২ দশমিক ২ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। তার দাবি, সরকার ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। জনগণের রায় বাস্তবায়ন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের অন্যতম শক্তিশালী স্তম্ভ। সাংবাদিকরা সৎ ও বস্তুনিষ্ঠ থাকলে রাষ্ট্রের অন্য বিভাগগুলোও সঠিকভাবে পরিচালিত হতে বাধ্য হয়। দেশকে সঠিক পথে এগিয়ে নিতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এর আগে সকালে বগুড়ার ধুনট উপজেলায় ইসলামী শিক্ষা আন্দোলনের নেতা শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান। সেখানে ফাতেহা পাঠ ও তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন তিনি। পরে স্থানীয় একটি মাদ্রাসায় শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

কবর জিয়ারত শেষে মাদ্রাসা মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত আমির বলেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারসংকট চরম আকার ধারণ করেছে এবং মানুষ দুর্ভোগে রয়েছে। জাতীয় সংসদে জনগণের এসব সমস্যার কথা তুলে ধরার চেষ্টা করলেও সরকার তাদের কথা বলতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ কারণেই জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে হয়েছে বলে জানান তিনি।

তার আগমন উপলক্ষে মাদ্রাসা মাঠে স্থানীয়দের সমাগম হয়। এ সময় জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...