সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, হত্যার আগে ঘটনাস্থলে যান এরশাদ

নিজস্ব প্রতিবেদক / ৮ বার
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিষয়ে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে মোজাফফর জানিয়েছেন, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান। এ ছাড়া হত্যাকাণ্ডের আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।

রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের তথ্য বিকেলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি জানান, আগামীকাল সোমবারও মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, জিজ্ঞাসাবাদে মোজাফফর জানিয়েছেন, ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ওই হত্যাকাণ্ডের আগে ১৯৮১ সালের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন। এ হত্যাকাণ্ডের ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

মোজাফফরকে জিজ্ঞাসাবাদে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়েও জানতে চাওয়া হয়েছে বলে জানান প্রসিকিউটর তানভীর হাসান।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোজাফফর হোসেন গ্রেপ্তার আছেন। গত ২৩ জুলাই তাঁকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন ট্রাইব্যুনাল।


এ জাতীয় আরো খবর...