বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা কোনো দলের দাবি নিয়ে এখানে আসিনি। আমরা এসেছি আপনাদের দাবি আদায়ের জন্য। আপনারা ৭০ ভাগ মানুষ গণভোটের রায় দিয়েছিলেন, কিন্তু সরকার সেটি বাস্তবায়ন না করে অপমান করেছে। তবে গণভোটের রায় এই বাংলার মাটিতে বাস্তবায়ন করা হবে, এই বিএনপি সরকারই বাস্তবায়ন করতে বাধ্য হবে। বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুরের ভোগরা বাইপাসে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির।
জামায়াতের আমির বলেন, ‘আমাদের এই লংমার্চ দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের এই লংমার্চ আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তা থেকে উত্তরণের জন্য, আমাদের এই লংমার্চ নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য।’
পথসভায় গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যের নেতা-কর্মীরা।