সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

ঢাবির অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সায়েন্সল্যাবে অবরোধ

নিজস্ব প্রতিবেদক / ১০ বার
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্য (ভিসি) হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক অধ্যাপককে নিয়োগের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার পর বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা ‘লালকার্ড’ হাতে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন। শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে নিজস্ব যাত্রা শুরু করেছে।

নতুন বিশ্ববিদ্যালয়ের যাত্রার শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া তারা মেনে নিতে পারছেন না। তাদের অভিযোগ, পরীক্ষা আটকে থাকাসহ একাডেমিক মাইগ্রেশন ও শিক্ষাজীবনের বিভিন্ন বিষয় নিয়ে তারা সংকটে রয়েছেন। দ্রুত এসব সমস্যার সমাধান চান তারা। শিক্ষার্থীরা আরও বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কোনো সিদ্ধান্ত তারা মানতে চান না।

তাদের দাবি ছিল, নতুন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত কার্যকর করা যাবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই নতুন উপাচার্য নিয়োগ দেওয়ায় তারা ক্ষুব্ধ।

বিক্ষোভকারীদের দাবির মধ্যে রয়েছে—সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে পুনর্বহাল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে দ্রুত স্কুলিং মডেলে রূপান্তর, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সব সেশনকে ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত করে একাডেমিক রোডম্যাপ ঘোষণা এবং সাতটি ক্যাম্পাসের যেকোনো একটিতে দ্রুত প্রশাসনিক ভবন চালু করা।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবিও জানিয়েছেন তারা। এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। একই দিনে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে রোববার সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।


এ জাতীয় আরো খবর...