প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, শ্রমিক ও মালিকদের ঐকমত্যের ভিত্তিতে স্বাধীন ও স্বতন্ত্র নিম্নতম মজুরি বোর্ড তৈরি পোশাক শিল্পের জন্য একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করেছে। তিনি বলেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বিবেচনায় নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এ প্রক্রিয়ায় সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সভাকক্ষে তৈরি পোশাক শিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণ-২০২৬ সংক্রান্ত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এসব কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, আগে সাধারণত পাঁচ বছর পরপর নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হতো। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক চ্যালেঞ্জ ও শিল্প খাতে জ্বালানি সংকট সত্ত্বেও বর্তমান সরকার মাত্র তিন বছরের ব্যবধানে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে।
নতুন মজুরি কাঠামোর তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি জানান, গত তিন বছরের ব্যবধানে পোশাক শ্রমিকদের চারটি গ্রেডে মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ। অর্থের হিসাবে গ্রেডভেদে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা।
প্রথম গ্রেডে ১৫ হাজার ৩৫ টাকা থেকে ৪৩ শতাংশ বেড়ে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ২৭৩ টাকা থেকে ৪০ দশমিক ১১ শতাংশ বেড়ে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪১ দশমিক ৭০ শতাংশ বেড়ে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩৬ শতাংশ বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মালিক প্রতিনিধিদের বরাত দিয়ে তিনি জানান, নির্ধারিত মজুরির সঙ্গে বোনাস ও ওভারটাইম যুক্ত হলে শ্রমিকদের একটি বড় অংশ মাস শেষে ২৫ হাজার টাকা বা তারও বেশি আয় করতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শ্রমঘন এলাকায় ডায়াগনস্টিক সেন্টারসহ সাতটি ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এসব হাসপাতালের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে।
পোশাক শ্রমিকদের ফ্যামিলি কার্ড প্রদানে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, নারী শ্রমিকদের নিজেদের নামে এবং পুরুষ শ্রমিকদের স্ত্রীদের নামে এ কার্ড প্রদানের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি আরও বেশি শ্রমিকের কাছে ভর্তুকি মূল্যে চাল পৌঁছে দিতে শ্রমঘন এলাকায় ওএমএস কার্যক্রম সম্প্রসারণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মজুরি বৃদ্ধির অজুহাতে বাড়িভাড়া ও যাতায়াত ব্যয় বৃদ্ধি রোধেও সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, হঠাৎ বাসাভাড়া বৃদ্ধির প্রবণতা বন্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভিন্ন পর্যায়ে বাসা মালিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে। যানবাহনের ভাড়া বৃদ্ধি রোধেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।
এছাড়া শ্রমিকদের আবাসন সংকট নিরসনে শ্রমঘন এলাকায় বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানান তিনি।
শ্রমিকদের সন্তানদের শিক্ষা ব্যয় কমাতে শ্রমঘন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা, ব্যাগ ও মিড-ডে মিল দেওয়া হচ্ছে। পাশাপাশি পুনঃভর্তির খরচ বন্ধ করা হয়েছে বলেও উল্লেখ করেন মাহ্দী আমিন।
শিল্পের জ্বালানি সংকট মোকাবিলায় তৃতীয় এফএসআরইউ স্থাপনের কাজ চলছে এবং জ্বালানি তেলের উৎসে বৈচিত্র্য আনা হচ্ছে বলেও জানান তিনি।
শিল্প ও শ্রমিককে একে অপরের পরিপূরক উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিল্পের সম্প্রসারণ হলে কর্মসংস্থান বাড়বে এবং মালিকদের সক্ষমতা বাড়লে শ্রমিকদের সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে। শ্রমিক, মালিক ও সরকারের সমন্বিত উদ্যোগে দেশের পোশাকশিল্পকে এগিয়ে নিতে হবে।
স্বাধীন ও নিরপেক্ষভাবে মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি শান্তিপূর্ণ পরিবেশে কারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, বোর্ডের সদস্য এবং বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।