আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সরকারের নির্দেশনায় পিসিবির এমন সিদ্ধান্তের পর রোববার (১ ফেব্রুয়ারি) রাতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
বিবৃতিতে আইসিসি পাকিস্তানের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করার পাশাপাশি দেশটির ক্রিকেট বোর্ডকে দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে সতর্ক করেছে।
আইসিসির বিবৃতিতে যা বলা হয়েছে
আইসিসি জানিয়েছে, একটি বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ ও নিয়ম প্রযোজ্য—এটাই কাম্য। সংস্থাটি জানায়, তারা যেকোনো দেশের সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য মঙ্গলজনক নয় এবং এটি পাকিস্তানসহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্য হতাশার।
পিসিবির প্রতি সতর্কবার্তা
আইসিসি পিসিবিকে সতর্ক করে বলেছে, এই সিদ্ধান্তের ফলে খোদ পাকিস্তানের ক্রিকেটের ওপর দীর্ঘমেয়াদী ও উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব পড়তে পারে। আইসিসি মনে করিয়ে দেয়, পিসিবি বিশ্ব ক্রিকেট কাঠামোর একজন সদস্য ও সুবিধাভোগী। তাই তাদের এমন সিদ্ধান্তে সামগ্রিক ক্রিকেট কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে।
সমাধানের আহ্বান
আইসিসির প্রধান লক্ষ্য হলো পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করা। সংস্থাটি আশা প্রকাশ করেছে যে, পিসিবি এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করবে এবং এমন একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবে, যা সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ রক্ষা করে।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনার পর পাকিস্তান বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত বহাল রেখেছে তারা।