আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ‘আজ্ঞাবহ দাস’ হিসেবে কাজ করছে বলে কঠোর সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসেইন। তার মতে, আইসিসির এমন নতজানু আচরণের কারণে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন
‘স্কাই ক্রিকেট’ পডকাস্টে কথা বলার সময় নাসের হুসেইন বলেন, ‘ক্ষমতার সঙ্গে দায়িত্বের ব্যাপারও চলে আসে। বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণেই ভারত-পাকিস্তানের মতো ম্যাচ দিনে দিনে ক্রমশ একতরফা হয়ে উঠছে’।
দ্বিমুখী নীতির সমালোচনা
আইসিসির দ্বিমুখী আচরণের দিকে আঙুল তুলে নাসের হুসেইন একটি কাল্পনিক পরিস্থিতির উদাহরণ দেন। তিনি প্রশ্ন রাখেন, ‘‘যদি ভারত কোনো টুর্নামেন্টের এক মাস আগে বলত যে তাদের সরকার চায় না তারা বিশ্বকাপের জন্য এই দেশে খেলুক, তাহলে কি আইসিসি নিজেদের সিদ্ধান্তে অটল থেকে বলতে পারত ‘তোমাদের তো নিয়ম জানার কথা। দুর্ভাগ্যবশত তোমাদের এই টুর্নামেন্ট থেকে আমরা বাদ দিচ্ছি?’’।
তিনি মূলত বাংলাদেশ ও পাকিস্তানের প্রতি আইসিসির কঠোর অবস্থান এবং ভারতের প্রতি নমনীয়তার বৈষম্য বোঝাতে এই প্রশ্ন তুলেছেন।
বাংলাদেশ ও পাকিস্তানের বিশ্বকাপ পরিস্থিতি
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার জাতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি। ফলে লিটন দাস ও মোস্তাফিজুর রহমানরা এবারের বিশ্বকাপে খেলতে পারছেন না। অন্যদিকে, গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়, তারা ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ বয়কট করতে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গত রাতে এই সিদ্ধান্তে অটল থাকার বিষয়টি স্পষ্ট করেছেন। আইসিসির জন্য ‘সোনার ডিম পাড়া রাজহাঁস’ খ্যাত ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সৃষ্ট এই অনিশ্চয়তায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ঘুম হারাম হয়ে গেছে।
সমতা ও ভারতীয় অর্থবিত্ত
নাসের হুসেইন ক্রিকেটে সবার জন্য সমান সুযোগ ও আচরণের দাবি জানান। তিনি বলেন, ‘ধারাবাহিকতা চান সবাই। বাংলাদেশ-ভারত-পাকিস্তানের সঙ্গে একই রকম আচরণ করা উচিত।’ ভারতের আর্থিক প্রভাবকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, ‘‘ভারতীয় ভক্ত-সমর্থকেরা বলতে পারেন ‘আপনারা আরও কাঁদেন। আমাদের টাকা আছে’।”