আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় অবস্থানে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এবার সেই সিদ্ধান্তে দীর্ঘদিনের মিত্র সংযুক্ত আরব আমিরাতকেও (ইসিবি) পাশে পাচ্ছে না পাকিস্তান। শ্রীলঙ্কার পর এবার এমিরেটস ক্রিকেট বোর্ডও পিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।
আমিরাতের উদ্বেগ ও ইমেইল
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পিসিবিকে পাঠানো এক ইমেইলে আমিরাত ক্রিকেট বোর্ড উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ালে বিশ্বজুড়ে ক্রিকেটের ওপর বড় ধরনের নেতিবাচক ও আর্থিক প্রভাব পড়বে।
চিঠিতে বলা হয়েছে, “পাকিস্তানের সঙ্গে এমিরেটস ক্রিকেট বোর্ডের দীর্ঘ সম্পর্ক। অতীতেও আমরা আমাদের ভেন্যু দিয়ে ও ক্রিকেট ম্যাচ আয়োজন করে পাকিস্তানের পাশে ছিলাম। কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত ক্রিকেট বিশ্ব ও অনেক সদস্য দেশকে বিপদে ফেলবে। বিশেষ করে সহযোগী দেশগুলো আর্থিকভাবে বড় ভোগান্তিতে পড়বে।”
পিসিবিকে রাজি করাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন এমিরেটস বোর্ডের জেনারেল সেক্রেটারি মুবাশ্বির উসমানি।
চাপে পাকিস্তান
এর আগে পাকিস্তানের সব ম্যাচের আয়োজক দেশ শ্রীলঙ্কাও আর্থিক ক্ষতির আশঙ্কায় ভারত ম্যাচ বয়কট না করার অনুরোধ জানিয়েছিল। এবার আমিরাতের অনুরোধে পিসিবি আরও চাপে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা।
লাহোর বৈঠকের অগ্রগতি
এদিকে, সংকট নিরসনে গতকাল রোববার লাহোরে আইসিসি, পিসিবি ও বিসিবি ত্রিপাক্ষিক বৈঠকে বসে। চার ঘণ্টার ওই বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন। বৈঠকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তিনটি শর্ত পূরণ সাপেক্ষে ম্যাচটি খেলার ব্যাপারে নমনীয় হওয়ার ইঙ্গিত দেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশের অপেক্ষায় আছে বোর্ড।