ক্রিকেটের সামগ্রিক স্বার্থ বিবেচনায় আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারির ম্যাচ ও বিসিবির বার্তা
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে পাকিস্তানের পূর্বনির্ধারিত ম্যাচটি যেন অনুষ্ঠিত হয়, সে বিষয়ে পিসিবিকে আহ্বান জানানো হয়েছে। বিসিবি মনে করে, এই ম্যাচটি অনুষ্ঠিত হলে পুরো ক্রিকেট ব্যবস্থার ওপর ইতিবাচক প্রভাব পড়বে।
বিসিবি সভাপতির বক্তব্য
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, “বাংলাদেশকে সহযোগিতা করতে পাকিস্তান যে উদ্যোগ নিয়েছে, তাতে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও শক্তিশালী হোক—এটাই আমাদের প্রত্যাশা।” সম্প্রতি পাকিস্তান সফর ও দ্বিপাক্ষিক আলোচনার পরিপ্রেক্ষিতেই এই অনুরোধ জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কৃতজ্ঞতা প্রকাশ
সাম্প্রতিক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা রাখার জন্য পিসিবি, আইসিসি এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বিশেষ করে পিসিবি চেয়ারম্যান মহসিন রাজা নকভি, তার বোর্ড এবং পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের অকুন্ঠ প্রশংসা করেছে বিসিবি।