রাজধানীর আদাবরে বায়তুল আমান হাউজিং এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন বছর বয়সী শিশু নাজিফা আক্তারের সন্ধান মেলেনি গত তিন দিনেও। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাসার সামনে খেলতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় শিশুটি। নাজিফা কথা বলতে না পারায় এবং কাউকে চিনতে না পারায় উদ্বেগ আরও বাড়ছে তার পরিবারের সদস্যদের মধ্যে।
নাজিফার পরিবার জানায়, সোমবার বিকেল ৫টার দিকে বায়তুল আমান হাউজিংয়ের ১৭ নম্বর রোডের বাসার সামনে খেলছিল সে। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। স্বজনরা এলাকায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে রাতেই আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার পর তদন্তে নেমেছে আদাবর থানা পুলিশ। তারা এলাকার তিনটি সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে নাজিফার গতিবিধি শনাক্ত করার চেষ্টা করছে। এদিকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পাশ্ববর্তী একটি খালে নাজিফার পড়ে যাওয়ার আশঙ্কায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়। প্রায় দুই ঘণ্টা খালের ভেতরে অভিযান চালালেও শিশুটির কোনো চিহ্ন পাওয়া যায়নি।
নাজিফার খালা নাজমা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, “নাজিফা এখনো কথা বলতে শেখে নাই। কাউকে ঠিকমতো চেনেও না। তিন দিন হয়ে গেল মেয়েটার কোনো খোঁজ নেই, আমরা বুক ফেটে যাচ্ছি।”
পুলিশ জানিয়েছে, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে সব ধরনের প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করা হচ্ছে। কোনো চক্র শিশুটিকে অপহরণ করেছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।