যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। উত্তেজনা নিরসনে তেহরান যদি আলোচনা করতে চায়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
রোববার ফক্স নিউজের সাংবাদিক জ্যাকি হেনরিকের সঙ্গে ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন।
যোগাযোগের মাধ্যম হিসেবে ‘ফোন কল’
আলোচনার প্রস্তাব দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, “তারা যদি কথা বলতে চায়, তবে আমাদের কাছে আসতে পারে। অথবা আমাদের ফোনও করতে পারে। আপনারা জানেন, যোগাযোগের জন্য টেলিফোন আছে। আমাদের চমৎকার ও সুরক্ষিত লাইন রয়েছে।”
পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের ‘রেড লাইন’
ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই যুক্তরাষ্ট্রের জন্য ‘রেড লাইন’ বা অলঙ্ঘনীয় সীমা।
তার মতে, ইরান পারমাণবিক অস্ত্র পেলে ইসরায়েল কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। ট্রাম্প বলেন, “আমরা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারি না। এটি যুক্তরাষ্ট্রের আগের প্রেসিডেন্টদেরই সমাধান করা উচিত ছিল। বছরের পর বছর ধরে এটা চলে আসছে এবং কেউ এ ব্যাপারে কিছু করেনি। কিন্তু আমাদের এটা করতেই হতো।”
অর্থনৈতিক শক্তি ও বিজয়ের দাবি
মার্কিন অর্থনীতিকে কাজে লাগানোর প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “আমি আমাদের সর্বকালের সেরা অর্থনীতিকে কাজে লাগিয়েছিলাম। আমি বলেছিলাম, আমাদের একটু ভিন্ন পথে যেতে হবে এবং এটা (পারমাণবিক অস্ত্র অর্জন) ঘটতে দেওয়া বন্ধ করতে হবে; আর সেটাই হয়েছে। আমরা দারুণ একটি কাজ করেছি। যুদ্ধ শিগগিরই শেষ হবে এবং আমরা বড় বিজয় অর্জন করব। কিন্তু তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পাবে না।”
চলমান কূটনৈতিক তৎপরতা
এদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদ সফর শেষে এখন মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যস্থতাকারীরা এখনো তেহরান-ওয়াশিংটন আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখার আশা করছেন।
এর আগে ওমানের রাজধানী মাস্কাট সফর শেষে আরাগচি পুনরায় পাকিস্তানে গিয়েছিলেন। তবে এতসব কূটনৈতিক দৌড়ঝাঁপের পরও এখন পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা শুরুর সুস্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।