শিরোনামঃ
বেতন হয়নি ২৬ হাজার কারখানায়, বকেয়া বেতনের যাঁতাকলে পিষ্ট হাজারো শ্রমিকের উৎসবের স্বপ্ন মায়ের দুধের ঘাটতিতেই হামের থাবা মধ্যপন্থার বয়ান বনাম ডানপন্থার বাস্তবতা: অস্তিত্বের সংকটে এনসিপি উচ্চশিক্ষায় নিম্নমানের কাণ্ডকীর্তি- রিন্টু আনোয়ার রাতের ভ্রমণে ১০টি সতর্কতা মালয়েশিয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার দিল্লি ফেরালেই আইনি সুরক্ষা, তবে শাস্তি আদালতের হাতে: হাসিনার পরিণতি নিয়ে সরকারের স্পষ্ট বার্তা কোরবানির ঈদ নিয়ে ভিন্ন ভাবনায় পরীমনি পেলের রাজকীয় রেকর্ডে নেইমারের ছোঁয়া: ১০ নম্বর জার্সিতে সেলেসাওদের শেষ মহাকাব্যের অপেক্ষায় ফুটবল বিশ্ব ফুটপাত পথচারীর, নাকি হকারের? জায়গা বরাদ্দ নীতিমালার বৈধতা নিয়ে হাইকোর্টের কড়া রুল
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

উচ্চশিক্ষায় নিম্নমানের কাণ্ডকীর্তি- রিন্টু আনোয়ার

রিন্টু আনোয়ার / ২৪ বার
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬

অরাজকতা-নৈরাজ্য বললে যথার্থ হবে না, এর চেয়েও জঘন্য ক্রিয়াকলাপ ভর করেছে দেশের উচ্চশিক্ষা পর্যায়ে। পাঠপঠনের চেয়ে মিছিল, মিটিং, ঘেরাও, খেদাও, শাটডাউন, কমপ্লিট শাটডাউন ইত্যাদি বেশি প্রাসঙ্গিক কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক আন্দোলন কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পদোন্নতি জটিলতা নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্যবিরোধী আন্দোলনে অস্থিরতা। এদিকে পবিপ্রবিতে উপাচার্য অপসারণ দাবিতে চলা অবস্থান কর্মসূচিতে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় শিক্ষকসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। বহিরাগতদের হামলার প্রায় এক ঘণ্টা পরও ঘটনাস্থলে পুলিশ না পৌঁছানোর অভিযোগও আন্দোলনকারীদের। বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির দাবিতে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে তালা দেয়া হয়েছে। লাগানো সেই তালা আবার ভেঙেও ফেলা হয়েছে। ভিসি মোহাম্মদ তৌফিক আলমের উপস্থিতিতে এসব তালা ভেঙে দাপ্তরিক কাজ শুরু করেন কর্মকর্তারা। এক গ্রুপ শিক্ষক এতে আরো ক্ষুব্ধ। তাদের কাছে এ ঘটনা অনভিপ্রেত।
ভিসিকে নানা বাজে শব্দে সম্বোধন করে তারা বলেছেন, তাদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে ভিসি একের পর এক অন্যায্য-অনৈতিক আচরণ করেই যাচ্ছেন। নমুনা দেখতে  বিশ্ববিদ্যালয়ে যান বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বৈঠক করেন ভিসির সঙ্গে। পরে কথা বলতে চান আন্দোলনরত শিক্ষকদের সাথে। তারা পাত্তা দেননি। এরপরেই প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে লাগানো তালা ভেঙে ফেলার নির্দেশ দেন উপাচার্য। বাইরে থেকে মিস্ত্রি এনে ভিসি নিজে উপস্থিত থেকে এসব তালা ভাঙার তদারকি করেন। একদিকে শিক্ষকদের শাটডাউন কর্মসূচিতে ক্যাম্পাসে অচলাবস্থা। আরেকদিকে তালা ভেঙে ক্যাম্পাস চালু দেখাচ্ছে আরেক গ্রুপ। ভাবা যায় কী নিম্নমানের তামাশার গহবরে দেশের একটি সরকারি বা পাবলিক উচ্চ শিক্ষাপীঠ? বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক অভিভাবক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি এ ক্ষেত্রে অনেকটাই দর্শক। এ ছাড়া ইউজিসির কার্যকারিতা নিয়ে দীর্ঘকাল ধরে নানাবিধ প্রশ্ন। তারা কেবল নিয়মমাফিক পরিদর্শক হিসেবে কাজ করে। শিক্ষার মান বা শিক্ষকদের তদারকিতে নেই। ইউজিসি অনেক ক্ষেত্রেই নিয়ম জারি করেই তার দায়িত্ব শেষ করছে, কিন্তু সেই নিয়মগুলো তৃণমূল পর্যায়ে মানা হচ্ছে কি না, তা দেখার মতো প্রয়োজনীয় জনবল বা সদিচ্ছার অভাব স্পষ্ট।
বৃহস্পতিবার পর্যন্ত টানা চার দিন ধরে এই অচলাবস্থার কারণে  শিক্ষার্থীদের পাঠদান ও পরীক্ষা বন্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়ে । গত সোমবার আন্দোলনকারী শিক্ষকেরা উপাচার্যকে অবাঞ্ছিত করে প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দিয়ে একাডেমিক ও প্রশাসনিক কাজকর্মে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন। আন্দোলনকারী শিক্ষকেরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড়। এটি একটি বিশ্ববিদ্যালয়ের চিত্র। আর এর মাঝেই বরিশালসহ দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে ভিসি পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়। এরই মধ্যে  রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগ প্রজ্ঞাপন জারির মাত্র এক ঘণ্টার মধ্যেই তা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 শিগগিরই আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)সহ আরও অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়ে ভিসি পরিবর্তনের কানাঘুষা ব্যাপক। প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে নতুন নিয়োগপ্রাপ্তদের চার বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া ভিসিদের মধ্যে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক ড. গোলাম রব্বানী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। অন্যদিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অধ্যাপক ও ট্রেজারার ড. আবুল হাসনাত মোহা. শামীম। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া অনেক উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার আন্দোলনের মুখে পদত্যাগ করেন। পরে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন গঠন শুরু করে। দেশের ৫৬টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আরেক আবহ। মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছিল। বিএনপি ক্ষমতায় আসার পর প্রায় তিন মাসে আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি ও ইউজিসি চেয়ারম্যান পরিবর্তন করা হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ে নতুন করে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় নিয়োগ পাওয়া কয়েকজন ভিসির বিরুদ্ধেও গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পাশাপাশি নতুন নিয়োগে রাজনৈতিক ও আদর্শিক বিবেচনার প্রভাব নিয়েও ব্যাপক সমালোচনা চলছে। শিক্ষক-শিক্ষার্থী দ্বন্দ্ব, ভিসি অপসারণের দাবি এবং রাজনৈতিক প্রভাবকে কেন্দ্র করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এ অস্থিরতা। কোথাও ভিসির পদত্যাগ দাবি, কোথাও প্রশাসনিক অনিয়ম, আবার কোথাও নিয়োগ ও পদোন্নতি জটিলতা।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সঙ্গে সাদা দলের শিক্ষকদের হাতাহাতি হয়েছে। শিক্ষকরা অভিযোগ করেন, উপাচার্যের নেতৃত্বে তাঁদের ওপর হামলা করা হয়েছে। অন্যদিকে উপাচার্য দাবি করেন, একদল শিক্ষক তাঁর কক্ষে গিয়ে উত্তেজনা সৃষ্টি করেন এবং হামলা চালান। ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষক-শিক্ষার্থীরা বিভক্ত। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামে শাখা ছাত্রদল। নিয়োগে অনিয়ম ও স্থানীয় সংস্কৃতির প্রতি অবমাননার অভিযোগ তুলে উপাচার্যের কার্যালয়ে তালা দেওয়া হয়। পরে আন্দোলন সাময়িক স্থগিত করা হয়। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও বৈষম্যের অভিযোগে ভিসি ও প্রোভিসির পদত্যাগ দাবিকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় ভিসি-প্রোভিসি ও শিক্ষকদের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও সম্প্রতি প্রক্টর ও সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।
শিক্ষাঙ্গণ উত্তপ্তের জন্য সচরাচর শিক্ষার্থীদের দায়ী করা হয়ে থাকে। এবার রকমফের। গোলমালের ফ্রন্টে শিক্ষকরা। তারা শিক্ষা ও শিক্ষার্থীদের কোন মানে নেবেন? শিক্ষার্থীরা তাদের কাছ থেকে কী শিক্ষা নেবেন?-এসব প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিক। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষাঙ্গনে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। উদ্বেগ-উৎকণ্ঠা ও বিশৃঙ্খলার মধ্যে কখনোই সুষ্ঠুভাবে শিক্ষাকার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। অতীতে গণআন্দোলনের পর প্রতিবারই স্বল্পতম সময়ের মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গেছে এবং শিক্ষা গ্রহণে মনোযোগী হয়েছে। কিন্তু এবার তার ব্যত্যয় লক্ষ করা যাচ্ছে। তার ওপর যোগ হয়েছে শিক্ষকদের কাণ্ডকীর্তি। নীতি-নৈতিকতার কোনো বালাই নেই। তা প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়েও। ভিন্ন এক প্রাকৃতিক পরিবেশে তৈরি দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরেও। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যা একসময় সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত ছিল, বর্তমানে সেখানে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ। চট্টগ্রাম, রাজশাহী তো আছেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কয়েক মাসে ক্যাম্পাসে বহিরাগতদের দৌরাত্ম্য এবং ছোটখাটো চুরির ঘটনা থেকে শুরু করে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক অবক্ষয়ের চিত্র সংবাদ শিরোনাম হয়েছে বারবার। এক সময় যত দোষ ঢালা হতো ছাত্র রাজনীতির ওপর। শিক্ষক রাজনীতি এখন তুলনামূলক আরো কদাকার। বিশ্ববিদ্যালয়গুলো শুধু বিদ্যার জায়গা নয়। গবেষণাসহ শিক্ষার্থীদের নৈতিকতা ও শুদ্ধাচার নিশ্চিতের জায়গাও। বাস্তটা বড় বেদনার। সমান্তরালে দেশে উচ্চশিক্ষার প্রসারে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও প্রাসঙ্গিক। নব্বইয় দশকের শুরুতে যখন এ দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল, এর পেছনে ছিল এক গভীর সংকট নিরসনের স্বপ্ন। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর তীব্র আসনসংকট, সেশনজট, রাজনৈতিক অস্থিরতা এবং নিয়মিত ক্লাস-পরীক্ষা না হওয়ার ফলে শিক্ষার্থীদের যে অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি হয়েছিল, তা থেকে মুক্তি পেতেই বিকল্প এই ধারার উদ্ভব। কিন্তু সেখানেও আজ এক অদ্ভুত দোলাচল। একদিকে তাদের  জাঁকজমকপূর্ণ বিজ্ঞাপনী চাকচিক্য, অন্যদিকে ভেতরে অব্যবস্থাপনার স্তুপ।
ঐতিহাসিকভাবেই বাংলাদেশে বড়দের পাঠশালায় ‘কোমলমতি’ ভাবা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। হোক তা পাবলিক বা প্রাইভেট। এখানে ঘটনার পরম্পরায় চব্বিশের ছাত্র আন্দোলনে ভিন্নতা যোগ করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসকেন্দ্রিক নড়াচড়ায় যখন কোনো কিছুই টলানো যাচ্ছিল না, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মহাসড়ক দখলের প্রত্যাঘাত, জীবনবাজি রাখা, শহীদ হওয়া ছিল ঐতিহাসিক ও অভূতপূর্ব বড় ঘটনা। তারা সেই আন্দোলনের বাঁকই ঘুরিয়ে দিয়েছে। সেই অর্থে, মহাসড়ক দখল করে সারা দেশকে ক্ষমতাকেন্দ্র থেকে বিচ্ছিন্ন করে ফেলার  কৃতিত্ব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এসব কারণে প্রাইভেট-শিক্ষক –শিক্ষার্থীদের নিয়ে একটা বাড়তি আশাবাদ তৈরি হয়। সেই আশাও এ দেড়-দু’বছরে পানসে হয়ে গেছে।
পরিশেষে, শিক্ষাঙ্গনকে শান্ত রাখতে হলে অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারকে কঠোর ও নিরপেক্ষ অবস্থান নিতে হবে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে রাজনৈতিক সহনশীলতা এবং সাধারণ শিক্ষার্থীদের প্রকৃত অধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। অন্যথায়, চব্বিশের গণ-অভ্যুত্থানের মূল চেতনা—একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক শিক্ষাঙ্গন—চিরকাল অধরাই থেকে যাবে।
-লেখক ঃ সাংবাদিক ও কলামিস্ট


এ জাতীয় আরো খবর...