শিরোনামঃ
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক / ১ বার
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ভারত থেকে বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার আশঙ্কার মধ্যে বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন তিনি।

রোববার (২২ নভেম্বর) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। এরপর কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ চায় ভারত বন্দিবিনিময় চুক্তির প্রতি সম্মান দেখিয়ে দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনাকে ফেরত পাঠাক, যাতে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। নিজের কর্মকাণ্ডের ফল তাকে ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের চেষ্টা করছে। বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী নয়াদিল্লি এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে আশা করছে ঢাকা। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এর আগে গত এপ্রিলে মন্ত্রণালয়টি জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ তারা পর্যালোচনা করছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসানের পর শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। একই সঙ্গে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই অভ্যুত্থান চলাকালে সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।

পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর ২০২৪ সালের আগস্টে ঢাকা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন। তবে সরকার তার আবেদন প্রত্যাখ্যান করেছে।

আওয়ামী লীগের সমর্থকেরাও এরই মধ্যে রাজপথে সক্রিয় হয়েছেন। শেখ হাসিনার প্রত্যাবর্তনের সমর্থনে চলতি মাসে সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দেয় দলটি। এর শেষ কর্মসূচি ছিল ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের একাধিক ঘটনা নথিভুক্ত করেছে পুলিশ। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও সাধারণ নাগরিক আহত হয়েছেন।

শামা ওবায়েদ এসব সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া দলের’ টিকে থাকার কৌশল বলে মন্তব্য করেছেন। তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এসব ঘটনার জন্য বর্তমান সরকারকে দায়ী করেছেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঢাকা এমন ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়, যেখানে বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থের সঙ্গে আপস করতে হবে না। বাংলাদেশের প্রতি কী ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করবে, তা ভারতকেই ঠিক করতে হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপের আহ্বান
২০১৭ সালে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হত্যা ও ব্যাপক যৌন সহিংসতাকে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। এই রায়ের পর রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের সমালোচনা করে মিয়ানমার বলেছে, পরিস্থিতি অনুকূলে এলেই কেবল রোহিঙ্গারা দেশে ফিরতে পারবে।

এ বিষয়ে শামা ওবায়েদ বলেন, এই রায় বাংলাদেশ ও রোহিঙ্গা সম্প্রদায়কে লড়াই করার শক্তি জোগাচ্ছে। রোহিঙ্গাদের মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে ফেরার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দফায় দফায় প্রত্যাবাসনের উদ্যোগ ব্যর্থ হওয়ার পর বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। মিয়ানমারের গৃহযুদ্ধ এবং রোহিঙ্গাদের অধিকাংশের আবাসস্থল রাখাইন রাজ্যের প্রায় পুরোটা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় প্রত্যাবাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে।

মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশ সৃষ্টি করেনি। এই সংকট তৈরি করেছে মিয়ানমার, তাই এর সমাধানের দায়িত্বও দেশটির।
সূত্র: রয়টার্স


এ জাতীয় আরো খবর...