বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-১৬৬৯৯) ২ লাখ ২০ হাজার ৩১৩ জনকে আইনি পরামর্শসেবা দেওয়া হয়েছে।
অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে সরকারি খরচে আইনি সহায়তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারের (টোল ফ্রি-‘১৬৬৯৯’) মাধ্যমে ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে (ফেসবুক মেসেঞ্জার) আইনি পরামর্শ সেবা পেয়েছেন ৫১৬ জন। জাতীয় হেল্পলাইন কলসেন্টার স্থাপনের পূর্ব পর্যন্ত হটলাইনে তথ্যসেবা পেয়েছেন ১৭ হাজার ৩২৮ জন।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৬৯৯’), কারাবন্দিদের এই আইনি সেবা প্রদান করা হচ্ছে।
দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীন এই কার্যক্রম পরিচালিত হয়।