মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ: চ্যাম্পিয়ন দল পাবে ৬১৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক / ২ বার
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপের সোনালী ট্রফি জয় করা শুধু বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সম্মানেরই বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে এক বিশাল অর্থনৈতিক প্রাপ্তিও। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবার ৪৮ দলের এই মেগা টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে। এবারের বিশ্বকাপে সব মিলিয়ে ফিফা মোট ৬৫৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ৮ হাজার কোটি টাকারও বেশি) পুরস্কার হিসেবে দলগুলোর মধ্যে বণ্টন করবে। স্বভাবতই, মাঠের লড়াইয়ে যে দল যত দূর এগিয়ে যাবে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে তত বড় অঙ্কের অর্থ।

ফিফার নতুন আর্থিক বিন্যাস অনুযায়ী, এবারের আসরে যে দল বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় পরবে, তারা প্রাইজমানি হিসেবে এককভাবে পাবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১৫ কোটি টাকা। রানার্স-আপ বা দ্বিতীয় স্থান অধিকারী দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। এছাড়া টুর্নামেন্টে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল যথাক্রমে ২৯ মিলিয়ন ও ২৭ মিলিয়ন ডলার ঘরে তুলবে। এমনকি টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও ন্যূনতম ৯ মিলিয়ন ডলারের (১১০ কোটি টাকার বেশি) বিশাল অঙ্কের প্রাপ্তি নিশ্চিত করেছে ফিফা।

বিশ্বকাপের এই প্রাইজমানির অর্থ ফুটবলাররা সরাসরি পান কি না, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। উরুগুয়ের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ইউওএল’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিল যদি এবার হেক্সা মিশন সফল করে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে, তবে দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ) প্রাপ্ত প্রাইজমানির একটি নির্দিষ্ট বড় অংশ সরাসরি ফুটবলার ও স্টাফদের বোনাস হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিবিএফ-এর পরিকল্পনা অনুযায়ী, পাওয়া বোনাসের সিংহভাগ অর্থাৎ ৭০ শতাংশ অর্থ সরাসরি চলে যাবে ভিনিসিয়ুস-নেইমারদের পকেটে। আর বাকি ৩০ শতাংশ অর্থ ভাগ করে দেওয়া হবে কোচিং স্টাফ, কারিগরি দল এবং প্রতিনিধি দলের অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। তবে এই বিপুল অঙ্কের বোনাস পকেটে পুরতে হলে সেলেসাওদের মাঠের লড়াইয়ে বিশ্বসেরার অধরা মুকুটটি ছিনিয়ে আনতে হবে।


এ জাতীয় আরো খবর...