বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সেমিফাইনালে কোন দলের টিকিটের দাম কত

নিজস্ব প্রতিবেদক / ৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর চলছে। ইতোমধ্যে টুর্নামেন্টের ১০০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আসর শেষ হতে আর মাত্র ৪টি ম্যাচ বাকি। আসরে দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালে উন্নীত সাবেক চার চ্যাম্পিয়ন দল-আর্জেন্টিনা, ফ্র্যান্স, ইংল্যান্ড ও স্পেন।

সেমিফাইনালের টিকিট বিক্রির তথ্য ভিন্ন চিত্র দেখাচ্ছে। এক ম্যাচের টিকিটের দাম অন্যটির তুলনায় দ্বিগুণের বেশি। ডালাসে মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে মাঠে নামবে ফ্রান্স ও স্পেন। টিকিট ট্র্যাকিং সেবা ‘টিকিটডেটা ডটকম’-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার রাত ১০টায় (ইস্টার্ন টাইম দুপুর ১২টা) এই ম্যাচের টিকিটের দাম ছিল ১ হাজার ৩২৫ ডলার। গত তিনদিনে দাম ২৬ শতাংশ কমেছে। বর্তমান মূল্য দ্বিতীয় সেমির টিকিটের তুলনায় প্রায় অর্ধেক।

বুধবার আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। মেজর লিগ সকারের (এমএলএস) দল আটলান্টা ইউনাইটেড এফসির একটি বড় আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠী আছে। আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ম্যানেজার জেরার্ডো মার্টিনো গত নভেম্বরে এই ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন।

শুরুতে এই ম্যাচের টিকিটের দাম ছিল ২ হাজার ৮৪১ ডলার। ডাইনামিক প্রাইসিংয়ের কারণে গত তিনদিনে তা ৩৪ শতাংশ বাড়ে। শনিবার দাম সর্বোচ্চ ২ হাজার ৯৬৬ ডলারে উঠেছিল। তবে পরদিন সকালে কিছুটা কমে ২ হাজার ৫৩৭ ডলারে দাঁড়ায়।

দ্বিতীয় সেমির টিকিটের দাম তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের চেয়ে প্রায় দ্বিগুণ। মায়ামিতে আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিটের দাম ১ হাজার ৫৪৩ ডলার।

আগামী রোববার নিউইয়র্কে হতে যাওয়া ফাইনাল ম্যাচের টিকিটের দাম বর্তমানে ৬ হাজার ৭৬০ ডলার। গত ৭২ ঘণ্টায় তা প্রায় ৬ শতাংশ কমেছে। গত বছরের অক্টোবরে ফাইনালের আগাম টিকিটের দাম ছিল সর্বোচ্চ ১৩ হাজার ৬৫০ ডলার।


এ জাতীয় আরো খবর...