ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন এফএফএফ সভাপতি ফিলিপ দিয়ালো।
দীর্ঘদিন ধরেই ফরাসিদের কোচের হটসিটে বসার আলোচনায় সবার ওপরে ছিলেন জিনেদিন জিদান। নিজেও এই স্বপ্নের পদে বসার জন্য মুখিয়ে ছিলেন বছরের পর বছর।
২০১২ সাল থেকে টানা এক যুগেরও বেশি সময় ফ্রান্সকে কোচিং করানো দেশম ২০২৬ বিশ্বকাপের পর ডাগআউটকে বিদায় জানান। সদ্য সমাপ্ত টুর্নামেন্টের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স।
জিদানের হাতে দায়িত্ব ওঠার মাধ্যমে আরো এক সাবেক ফরাসি সতীর্থের পথ অনুসরণ করলেন তিনি। এর আগে জিদানের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সতীর্থ লরেন ব্লাঙ্ক (২০১০-২০১২) ও দিদিয়ে দেশম ফ্রান্সের কোচের দায়িত্ব সামলেছেন।
খেলোয়াড় হিসেবে জিদানের অবদান ফরাসি ফুটবলের স্বর্ণাক্ষরে লেখা।
দেশের হয়ে ১০৮ ম্যাচে ৩১ গোল করা এই প্লেমেকারের ২০০৬ বিশ্বকাপ ফাইনালের সেই বিখ্যাত প্যানেনকা শট এবং অতিরিক্ত সময়ে মার্কো মাতেরাজ্জিকে ঢুঁস মেরে লাল কার্ড দেখার ঘটনা ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি।
জিদান যুগে ফ্রান্সের প্রথম পরীক্ষা শুরু হতে যাচ্ছে চলতি বছরের সেপ্টেম্বরে। নেশন্স লিগে আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে তাদের মাঠে আতিথ্য নেবে ফ্রান্স। তিন দিন পর তাদের লড়াই বেলজিয়ামের বিপক্ষে। এরপর আগামী ২ অক্টোবর ঘরের মাঠ স্টাদে দে ফ্রান্সে ইতালিকে আতিথ্য দেবে জিদানের শিষ্যরা।