শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

এবার ‘নতুন কুঁড়ি প্যারা স্পোর্টস’

নিজস্ব প্রতিবেদক / ৫ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি প্যারা স্পোর্টস’ আয়োজনের ঘোষণা দিয়েছে সরকার। শুধু প্রতিযোগিতা নয়, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, ক্রীড়া ভাতা এবং আধুনিক অবকাঠামোয় প্যারা ক্রীড়াকে নতুন ভিত্তির ওপর দাঁড় করানোর পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান প্যারা গেমস ট্রেনিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, আগামী সেপ্টেম্বরেই ‘নতুন কুঁড়ি প্যারা স্পোর্টস’ আয়োজনের পরিকল্পনা রয়েছে। দেশের ৬৪ জেলার বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা শুধু ঢাকা-কেন্দ্রিক কার্যক্রম চাই না। দেশের প্রতিটি জেলায় থাকা বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিভাবান ছেলে-মেয়েদের খুঁজে বের করে খেলাধুলার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে চাই। এশিয়ান প্যারা গেমস, প্যারা অলিম্পিকসহ বিভিন্ন আসরে তারা যেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে, সেটিই আমাদের লক্ষ্য।

ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তার বিষয়েও নতুন ঘোষণা দেন প্রতিমন্ত্রী। বর্তমানে ৩০০ জন ক্রীড়াবিদ নিয়মিত ক্রীড়া ভাতা পাচ্ছেন। আগামী এক মাসের মধ্যে আরও ২০০ জনকে এই কর্মসূচির আওতায় এনে ৫০০ জনকে ভাতা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি এশিয়ান প্যারা গেমস বা অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী নতুন ক্রীড়াবিদদেরও পর্যায়ক্রমে এই ভাতার অন্তর্ভুক্ত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খানসহ প্যারা ক্রীড়াবিদরা।


এ জাতীয় আরো খবর...