বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের সামনে আবারও ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ তৈরি হয়েছে। কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে চারটি ম্যাচের জন্য তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে কেন্ট।
তবে ইংল্যান্ডের ক্লাবটির হয়ে মাঠে নামতে হলে প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে হবে তাকে।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন শরিফুল।
তবে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ইতোমধ্যে ফিটনেস পরীক্ষাও দিয়েছেন বাঁহাতি এই পেসার।
বিসিবির মেডিকেল বিভাগ খেলার জন্য ছাড়পত্র দিলেই মাঠে ফেরার সুযোগ পাবেন তিনি।
অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে চোটের কারণে শরিফুলকে রাখা হয়নি।
তবে দল ঘোষণার সময় জানানো হয়েছিল, ফিটনেস প্রমাণ করতে পারলে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে বিবেচনা করা হতে পারে ২৫ বছর বয়সী এই পেসারকে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে কেন্টের হয়ে খেলার জন্য এনওসি পাওয়ার সম্ভাবনা রয়েছে তার।
কেন্টে যোগ দিলে শরিফুল হবেন কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলা বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার। এর আগে সাকিব আল হাসান ও হাসান মাহমুদ ইংল্যান্ডের প্রথম শ্রেণির এই প্রতিযোগিতায় খেলেছেন।
এদিকে কেন্টের হয়ে আগামী মাসে চারটি ম্যাচ খেলার বিষয়টি ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে হাসান মাহমুদের। ফলে শরিফুলও এনওসি পেলে একই সময়ে একই দলে দুই বাংলাদেশি পেসারকে দেখা যেতে পারে।
চলতি মৌসুমে কেন্টের হয়ে প্রথম দফায় দুটি ম্যাচ খেলেছিলেন হাসান। চার ইনিংসে তার শিকার ১২ উইকেট। এর মধ্যে একটি ইনিংসে ৬৯ রান খরচায় ৬ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি।