জাতীয় সংসদ কার্যকর থাকা অবস্থায় আন্দোলনের নামে লংমার্চের মতো কর্মসূচি গণআকাঙ্ক্ষার পরিপন্থি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের (বিলিয়া) মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম ১৮০ দিনের পর্যালোচনা: সুশাসন, জবাবদিহি ও উন্নয়নের প্রেক্ষাপট’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে সিটিজেন ফোরাম বাংলাদেশ ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভস (বিসিএআই)।
জহির উদ্দিন স্বপন বলেন, সংসদীয় রাজনীতিতে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে সরকারকে জবাবদিহির মধ্যে রাখার সুযোগ রয়েছে। এ অবস্থায় সংসদের বিতর্ক দ্রুত রাজপথে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে বাধাগ্রস্ত করে।
তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রকে কার্যকর ও অর্থবহ রাখতে বিরোধী দলের দায়িত্ব হলো সরকারি দলকে জবাবদিহির মধ্যে রাখা। তবে সংসদীয় বিতর্ক অহেতুক দ্রুত রাজপথে নিয়ে যাওয়া এবং লংমার্চের মতো কর্মসূচি ঘোষণার বিষয়ে সচেতন মহলকে সতর্ক থাকতে হবে।
এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিতে দেশি-বিদেশি বিভিন্ন পক্ষ তৎপর থাকতে পারে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী চর্চা, দুর্বল সমাজব্যবস্থা ও ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে ঘুরিয়ে দিতে সরকার কাজ করছে। সংকট গভীর হওয়ায় রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তবে দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন নীতিগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য দীর্ঘদিনের আমদানিনির্ভর নীতিকে দায়ী করে জহির উদ্দিন স্বপন বলেন, প্রাকৃতিক সম্পদ উত্তোলনে কার্যকর ও স্থায়ী উদ্যোগ না নেওয়ার কারণে বর্তমানে গুরুত্বপূর্ণ খাতগুলো চাপে রয়েছে।
বর্তমান সরকার সংকট মোকাবিলার পাশাপাশি বিকল্প জ্বালানি উৎস অনুসন্ধান ও নিজস্ব গ্যাস উত্তোলনের উদ্যোগ নিয়েছে।
সুশাসন ও অর্থনৈতিক স্বস্তি ফেরাতে চীন ও ভারতের পাশাপাশি আমদানির নতুন উৎস তৈরি, আমদানি ব্যয় কমানো এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ওপরও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
সংসদে গঠনমূলক আলোচনা ও বাস্তবসম্মত পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি দলকে ফাঁদে ফেলার মানসিকতা নিয়ে সংসদীয় রাজনীতি পরিচালনা করা যায় না। সুনির্দিষ্ট ও কার্যকর সমালোচনা এবং বাস্তবসম্মত পরামর্শ দেশ পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে এবং ডা. সাখাওয়াত হোসেন সায়ন্তর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীসহ রাজনীতিক, শিক্ষাবিদ ও গবেষকরা বক্তব্য দেন।