সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

ধ্রুব রাঠি, দীপকেসহ ককরোচ পার্টির শীর্ষ ৩ নেতার মুক্তি; দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ‘চলবে’

নিজস্ব প্রতিবেদক / ৭ বার
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গুরুগ্রাম থেকে আটক হওয়া ইউটিউবার ধ্রুব রাঠিকে রবিবার ভোরে মুক্তি দিয়েছে গুরুগ্রাম পুলিশ। মুক্ত হয়েছেন সিজেপির অন্য ৩ শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রানকাও।

এক বছরের জন্য ‘শান্তিশৃঙ্খলা ভঙ্গ’ না করার শর্তে সিজেপির ৩ নেতাদের মুক্তি দিয়েছেন আদালত, জানিয়েছেন সংগঠনটির আইনবিষয়ক প্রধান রত্না সিং।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আয়োজিত বিক্ষোভ ঠেকাতে পুলিশি কড়াকড়ির অংশ হিসেবে শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬-এর নিজ বাসা থেকে রাঠিকে আটক করা হয়েছিল। এর আগে বিক্ষোভের প্রাক্কালে সিজেপির প্রধান অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রানকাকেও বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল। সিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে আটকের পর থেকে তাদের একটি অজ্ঞাত স্থানে রাখা হয়েছে এবং তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেওয়া হচ্ছিল না।

যদিও রত্না সিং এক্স-এ জানিয়েছিলেন, আটক তিন নেতাকে আজ সকাল ৯টায় দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।

তবে ব্যাপক কড়াকড়ি ও গণগ্রেপ্তারের পরও দিল্লিতে ক্ষোভ থামছে না। জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকায় কথিত অনিয়মের প্রতিবাদে আজ রবিবার দিল্লিতে আবারও নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। যুব ও ছাত্র সংগঠনের নেতারা জানিয়েছেন, তাদের সমস্ত দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

শনিবারের বিক্ষোভে রাজধানীজুড়ে প্রায় আড়াই হাজার বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাতে প্রতিরোধমূলক পদক্ষেপে আরও প্রায় এক হাজার মানুষকে আটক করা হয়।

ব্যাপক এই গণগ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। দিল্লির বিক্ষোভে গণগ্রেপ্তারের খবরে সংস্থাটি ‘উদ্বেগ’ প্রকাশ করেছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে জাতিসংঘের এই প্রতিক্রিয়া প্রত্যাখ্যান করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...