রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক / ৯ বার
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া প্রধানমন্ত্রী ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান । এ ঘটনায় ওই চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণ ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় প্রধানমন্ত্রী তাৎক্ষণিক হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ সময় হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

এদিকে, দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবা ও হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং পরিস্থিতি উন্নয়নে কর্তৃপক্ষকে সাত দিনের সময় বেঁধে দেন তিনি।

শনিবার সকালে প্রধানমন্ত্রী আকস্মিকভাবে এই হাসপাতালে উপস্থিত হন। সেখানে তিনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত চিকিৎসাধীন রোগীদের কাছে যান এবং তাদের সঙ্গে কথা বলেন, তাদের চিকিৎসার খোঁজ নেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষ (অপারেশন থিয়েটার) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন।

পরিস্থিতি দ্রুত সংশোধনের কড়া নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী সাত দিনের মধ্যে সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নত করার আল্টিমেটাম দেন।


এ জাতীয় আরো খবর...