তুরস্ক ভ্রমণেচ্ছু বাংলাদেশি নাগরিকদের জন্য সুখবর। ঢাকায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল তুরস্কের নতুন ভিসা আবেদন কেন্দ্র। এখন থেকে বনানীর ‘মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ (Mosaic Visa Application Center)-এ ভিসার আবেদন জমা নেওয়া হচ্ছে।
সেন্টারের অবস্থান ও সময়সূচি
নতুন এই ভিসা সেন্টারটি রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের এম ব্লকের ৭৭ নম্বর বাড়িতে অবস্থিত। কেন্দ্রটি প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করবে। পাসপোর্ট সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সাধারণত ভিসা প্রসেসিংয়ের জন্য ৭ থেকে ১৫ কার্যদিবস সময় লাগতে পারে। তবে আবেদন জমা দেওয়ার আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক।
ভিসা ফি (ফেব্রুয়ারি ২০২৬)
ভিসার ধরন ও মেয়াদের ওপর ভিত্তি করে নতুন ফি কার্যকর হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের জন্য নির্ধারিত ফি নিম্নরূপ:
সিঙ্গেল এন্ট্রি: ৩ মাস মেয়াদী ভিসার ফি ২৪,৭৫০ টাকা এবং ৬ মাস মেয়াদী ভিসার ফি ২৭,৬২৫ টাকা।
মাল্টিপল এন্ট্রি: ১২ মাস বা ১ বছর মেয়াদী ভিসার ফি ৪৬,৭৫০ টাকা।
ডাবল ট্রানজিট: ৩ মাস মেয়াদী এই ভিসার ফি ৩২,২৫০ টাকা।
প্রিমিয়াম লাউঞ্জ ফি: সাধারণ ফির অতিরিক্ত ৮,০০০ টাকা (ঐচ্ছিক)।
এছাড়া এসএমএস চার্জ ৪০ টাকা, বায়োমেট্রিক ছবি ২০০ টাকা এবং হোটেল/ফ্লাইট রিজার্ভেশনের জন্য ২৫০ টাকা চার্জ প্রযোজ্য হতে পারে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনকারীদের ভিসার জন্য যেসব নথিপত্র সঙ্গে রাখতে হবে:
অন্তত ৬ মাস মেয়াদ থাকা মূল পাসপোর্ট (পুরাতন পাসপোর্ট থাকলে সেটিও)।
সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা ৫x৫ সেমি সাইজের ২ কপি ল্যাব প্রিন্ট ছবি।
গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট।
পেশাগত প্রমাণপত্র (চাকরিজীবীদের এনওসি ও স্যালারি স্লিপ, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স, শিক্ষার্থীদের আইডি কার্ড)।
হোটেল ও ফ্লাইটের বুকিং কপি এবং ট্রাভেল ইন্স্যুরেন্স।
পরিবারসহ ভ্রমণের ক্ষেত্রে ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট (FRC)।