শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

এক নজরে গত ৩৫ বছরের জাতীয় নির্বাচন: ১৯৯১ থেকে ২০২৪

নিজস্ব প্রতিবেদক / ৭০ বার
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়। এরপর গত প্রায় ৩৫ বছরে দেশে মোট সাতটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নানা চড়াই-উতরাই, রাজনৈতিক পটপরিবর্তন এবং বিতর্কিত ঘটনার সাক্ষী হয়েছে এসব নির্বাচন।

নিচে গত সাড়ে তিন দশকের জাতীয় নির্বাচনের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হলো:

১৯৯১: গণতন্ত্রের পথে যাত্রা

এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের অধীনে আয়োজিত এই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে, যা ছিল দেশের প্রথম অবাধ গণতান্ত্রিক নির্বাচন। এতে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে।

১৯৯৬: তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি একতরফা ও বিতর্কিত নির্বাচন করলে বিরোধী দলের তীব্র আন্দোলনের মুখে পড়ে। পরবর্তীতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করে সংসদ বিলুপ্ত করা হয়। এরপর ১৯৯৬ সালের ১২ জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করে।

২০০১: চারদলীয় জোটের জয়

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত দ্বিতীয় এই নির্বাচনে বিএনপির নেতৃত্বে জামায়াতে ইসলামীসহ চারদলীয় জোট বিপুল ভোটে জয়লাভ করে। খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

২০০৮: সেনাসমর্থিত সরকার ও ‘মাইনাস টু’ ফর্মুলা

সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর শাসনের পর ২০০৮ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ‘মাইনাস টু’ ফর্মুলা বাস্তবায়নের অংশ হিসেবে শেখ হাসিনা, খালেদা জিয়া এবং তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। এই নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধস বিজয় অর্জন করে ক্ষমতায় আসে।

২০১৪: একতরফা নির্বাচন ও বয়কট

সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অধিকাংশ বিরোধী দল ২০১৪ সালের নির্বাচন বর্জন করে। এতে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন এবং আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে।

২০১৮: ‘রাতের ভোট’ বিতর্ক

২০১৮ সালের নির্বাচনে বিএনপিসহ বিরোধী দলগুলো অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ থাকায় এই নির্বাচনটি রাজনীতিতে ‘রাতের ভোট’ হিসেবে পরিচিতি পায়। এতে আওয়ামী লীগ পুনরায় জয়ী হয়।

২০২৪: গণঅভ্যুত্থান ও পতন

আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামলে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনটি হয় ২০২৪ সালে। বিএনপি বর্জন করায় এটিও একতরফা নির্বাচনে রূপ নেয় এবং আওয়ামী লীগ বিজয়ী হয়। তবে নির্বাচনের কয়েক মাসের মধ্যেই ২০২৪ সালের ৫ আগস্ট এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে দলটির পতন ঘটে এবং শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন।


এ জাতীয় আরো খবর...