সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণার মাঠে প্রার্থীদের তোড়জোড় তুঙ্গে। তবে পোস্টার আর স্লোগানের ভিড়ে ভোটারদের নজর কাড়ছে প্রার্থীদের ‘লেবাস পরিবর্তন’। উদারপন্থী থেকে বামপন্থী, কিংবা স্বতন্ত্র—মতাদর্শ যাই হোক না কেন, ভোটের মাঠে নামলেই পুরুষ প্রার্থীদের পরনে দেখা যাচ্ছে টুপি-পাঞ্জাবি আর নারী প্রার্থীদের মাথায় উঠছে ঘোমটা।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিনক্ষণ চূড়ান্ত। তার আগেই যেন শুরু হয়েছে নিজেকে ‘খাঁটি ধার্মিক’ প্রমাণের প্রতিযোগিতা। কিন্তু প্রশ্ন উঠেছে—শুধুমাত্র টুপি বা ঘোমটায় কি আসলেই ভোট বাড়ে? নাকি এটি ভোটারদের সহানুভূতি আদায়ের পুরনো কৌশল মাত্র?
জনসংযোগে ধর্মীয় আবহ
আনুষ্ঠানিক প্রচার শুরুর পর থেকেই প্রার্থীদের বেশির ভাগ সময় কাটাতে দেখা যাচ্ছে মসজিদ, মাজার বা ধর্মীয় কোনো জমায়েতে। বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদ কিংবা স্বতন্ত্র—প্রায় সব দলের প্রার্থীরাই বেছে নিয়েছেন ধর্মীয় পোশাক।
সম্প্রতি এনসিপি নেতা ও ঢাকার এমপি পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে টুপি-পাঞ্জাবি পরার কারণ জিজ্ঞেস করা হয়েছিল। এ বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, “৯০ শতাংশ মুসলমানের দেশে ভোটারদের সঙ্গে সাংস্কৃতিক ও ধর্মীয় সংযোগ তৈরি করতেই এই পোশাক। তাছাড়া সমাজের মুরুব্বিদের সঙ্গে মিশতে গেলে এই কালচারাল বিষয়টি চলে আসে।”
ভোটাররা বলছেন ‘মৌসুমি ধার্মিক’
প্রার্থীদের এই ভোলবদলকে ভোটাররা খুব একটা ইতিবাচকভাবে নিচ্ছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজেদুজ্জামান সৌমিক বলেন, “এটা তো হিপোক্রেসি (ভণ্ডামি)। লেবাস পরে জান্নাতের টিকিট বিক্রি করা কাম্য নয়।” নোয়াখালীর ব্যবসায়ী মোবারক বলেন, “এরা মৌসুমি ধার্মিক। নির্বাচন শেষ হলে আবার আগের রূপে ফিরে যাবেন। এটা শুধুই লোক দেখানো।” তবে ভিন্নমতও আছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া মাহমা আলম শান্তা মনে করেন, “লেবাস ধরেও যদি কেউ ভালো কাজ করেন বা ভালো নির্বাচন উপহার দেন, তাতে সমস্যা নেই।”
ইমেজ সংকট ও ধর্মীয় বর্ম
বিশ্লেষকদের মতে, অনেক প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি বা ঋণ খেলাপের অভিযোগ থাকে। এসব নেতিবাচক ইমেজ ঢাকতে তারা ধর্মীয় পোশাককে ‘বর্ম’ হিসেবে ব্যবহার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম শামীম রেজা বলেন, “প্রার্থীরা মনে করেন ধর্মীয় লেবাস ধরলে সাধারণ মানুষের কাছে নিজেকে পরিচ্ছন্ন ও বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করা সহজ হয়।”
রাজনীতিতে ধর্মের ব্যবহার: নতুন নয়
বাংলাদেশে নির্বাচনের সঙ্গে ধর্মের ব্যবহার বেশ পুরনো। পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের নব্বইয়ের দশক—সব নির্বাচনেই ধর্মকে হাতিয়ার করা হয়েছে। ১৯৭০ সালে আওয়ামী লীগের পোস্টারে ‘আল্লাহু আকবর’ স্লোগান থেকে শুরু করে ১৯৯১ সালে বিএনপির ‘বিসমিল্লাহ’ যুক্ত স্লোগান—সবই ছিল ভোটারদের মন জয়ের কৌশল। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, “দেশের সাধারণ মানুষ ধর্মপরায়ণ। তাই তাদের সেন্টিমেন্ট বা অনুভূতিকে কাজে লাগাতে সব দলই কমবেশি ধর্মের আশ্রয় নেয়।”
আচরণবিধিতে যা বলা আছে
ধর্মীয় অনুভূতির অপব্যবহার রোধে নির্বাচনী আচরণবিধিতে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। আচরণবিধির ১৫ ধারা অনুযায়ী, মসজিদ, মন্দির বা কোনো উপাসনালয়ে নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ। এছাড়া পোস্টার বা লিফলেটে প্রার্থনারত ছবি ব্যবহারের ওপরও বিধিনিষেধ রয়েছে। তবুও কৌশলে এসব নিয়ম অমান্য করার অভিযোগ উঠছে নিয়মিত।
আসল কথা
বিশ্লেষকরা বলছেন, টুপি বা ঘোমটা পরলেই যদি নির্বাচনে জেতা যেত, তবে ধর্মভিত্তিক দলগুলোই সবসময় ক্ষমতায় থাকত। মূলধারার প্রার্থীরা মূলত নিজেদের ‘ধর্মবিমুখ’ অপবাদ থেকে বাঁচাতে এবং গ্রামীণ ভোটব্যাংক ধরে রাখতেই এই সাময়িক ‘লেবাস’ ধারণ করেন। তবে চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী ‘নতুন বাংলাদেশে’ ভোটাররা বাহ্যিক বেশভূষার চেয়ে প্রার্থীর যোগ্যতাকেই বেশি গুরুত্ব দেবেন বলে মনে করছেন সচেতন নাগরিকরা।