আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের গণভোট। ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে দুটি ভিন্ন ব্যালটে ভোটগ্রহণ এবং প্রবাসীদের পোস্টাল ব্যালট যুক্ত হওয়ায় এবারের ফলাফল প্রকাশে কিছুটা বাড়তি সময় লাগতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সাধারণত ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলেও এবার এক ঘণ্টা সময় বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর কীভাবে ধাপে ধাপে ফলাফল প্রস্তুত ও ঘোষণা করা হবে, তা নিয়ে জনমনে রয়েছে নানা কৌতূহল।
ভোট গণনা শুরু যেভাবে
বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রের ভেতরে ভোটার থাকলে তাদের ভোট নেওয়া শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে। এরপর প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা পোলিং এজেন্টদের সামনে ব্যালট বাক্স সিলগালা (লক) করবেন।
গণনার জন্য নির্ধারিত কক্ষে এজেন্ট, পর্যবেক্ষক ও সাংবাদিকদের উপস্থিতিতে বাক্স খোলা হবে। এ সময় বক্স নম্বর ও লক নম্বর মিলিয়ে দেখা হবে। এরপর ব্যালটগুলো মেঝেতে ঢেলে সংসদ নির্বাচনের ‘সাদা’ ব্যালট এবং গণভোটের ‘গোলাপি’ ব্যালট আলাদা করা হবে।
সাবেক নির্বাচন কর্মকর্তাদের মতে, দুটি আলাদা ব্যালট হওয়ায় এবার গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে। তবে ইসির নির্দেশনা অনুযায়ী, ছেঁড়া, সিলবিহীন বা সহকারী প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরবিহীন ব্যালট বাতিল বলে গণ্য হবে। বৈধ ব্যালটগুলো প্রতীকভিত্তিতে এবং গণভোটের ক্ষেত্রে ‘হ্যাঁ’ বা ‘না’ ভিত্তিতে আলাদা করে গণনা করা হবে।
ফলাফল শিট বা ফরম পূরণ
গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তা নির্বাচনের ফলাফল শিট (১৬ নম্বর ফরম) পূরণ করবেন। এতে প্রার্থীর নাম, প্রাপ্ত ভোট, বাতিল ভোট ও মোট ভোটের সংখ্যা অংকে ও কথায় স্পষ্টভাবে লিখতে হবে। কোনো কাটাকাটি বা ঘষামাজা গ্রহণযোগ্য হবে না। এরপর এই শিটে প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা স্বাক্ষর করবেন।
ফলাফলের ৭টি কপি ও বিতরণ
চরম স্বচ্ছতা নিশ্চিত করতে চূড়ান্ত ফলাফলের ৭টি সেট প্রস্তুত করা হবে:
১. একটি কপি কেন্দ্রের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে।
২. দুটি কপি ব্যালট পেপারের বস্তায় ভরে সিলগালা করা হবে।
৩. দুটি কপি প্রিসাইডিং কর্মকর্তা সরাসরি রিটার্নিং কর্মকর্তার (ডিসি/বিভাগীয় কমিশনার) কাছে নিয়ে যাবেন।
৪. একটি কপি সরাসরি নির্বাচন কমিশনে পাঠানো হবে।
৫. বাকি কপিটি প্রিসাইডিং কর্মকর্তা নিজের কাছে রাখবেন।
এছাড়া প্রার্থীদের এজেন্টরা চাইলে তাদেরও ফলাফলের অনুলিপি দেওয়া হবে।
কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে
কেন্দ্রের ফলাফল ঘোষণার পর প্রিসাইডিং কর্মকর্তা পুলিশ ও আনসার প্রহরায় সহকারী রিটার্নিং কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের কন্ট্রোল রুমে ফলাফল ও নির্বাচনী সরঞ্জাম জমা দেবেন। সেখানে কেন্দ্রভিত্তিক ফলাফল ইসির সার্ভারে (আরএমএস) এন্ট্রি করা হবে এবং মাইকে ঘোষণা করা হবে।
কারচুপির সুযোগ কতটুকু?
অনেকের মনে প্রশ্ন থাকে, কেন্দ্র থেকে ফলাফল ঘোষণার পর তা পরিবর্তন করা সম্ভব কি না। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রের ফলাফলের কপি এজেন্টদের কাছে থাকে, নোটিশ বোর্ডে ঝোলানো থাকে এবং ইসির সার্ভারে আপলোড করা হয়। ফলে চাইলেই ফলাফল টেম্পারিং বা পরিবর্তন করা সহজ নয়। তবে অতীতে এজেন্টদের বের করে দেওয়া বা ‘রাতের ভোটে’র মতো অনিয়মের অভিযোগ থাকলেও, নিয়ম অনুযায়ী এজেন্টরা উপস্থিত থাকলে কারচুপি প্রায় অসম্ভব।
পোস্টাল ব্যালট ও চূড়ান্ত ফল ঘোষণা
এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী ভোটার ও নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন। রিটার্নিং কর্মকর্তা কেন্দ্রভিত্তিক ফলাফলের সঙ্গে এই পোস্টাল ব্যালটগুলো যোগ করে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করবেন। পোস্টাল ব্যালট খোলার সময়ও প্রার্থীদের এজেন্টরা উপস্থিত থাকার সুযোগ পাবেন।
সবশেষে রিটার্নিং কর্মকর্তা আসনভিত্তিক চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। ফলাফলে কোনো প্রার্থীর আপত্তি থাকলে তিনি ট্রাইব্যুনালে মামলা বা পুনঃগণনার আবেদন করতে পারবেন।