ঋতু পরিবর্তনের এই সময়ে ঘরে ঘরে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বিশেষ করে শীতের শেষ আর বসন্তের শুরুতে চিকেন পক্স বা জলবসন্তের প্রকোপ বাড়ে। এটি একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শরীরে চুলকানিযুক্ত ফোস্কা, জ্বর ও তীব্র ক্লান্তির সৃষ্টি করে। তবে খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন এনে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মাধ্যমে এই রোগের বিরুদ্ধে সুরক্ষা গড়ে তোলা সম্ভব।
পুষ্টিবিদদের মতে, সরাসরি কোনো সবজি চিকেন পক্স প্রতিরোধ করতে না পারলেও নির্দিষ্ট কিছু শাক-সবজি শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, যা দ্রুত আরোগ্য লাভে সহায়তা করে। জেনে নিন এমন ৪টি সবজি সম্পর্কে—
১. গাজর
মিষ্টি স্বাদের গাজর শুধু দেখতেই সুন্দর নয়, এর পুষ্টিগুণও অনেক। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ থাকে, যা ত্বকের স্বাস্থ্য রক্ষা করে এবং শরীরকে যেকোনো সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। কাঁচা কিংবা রান্না—উভয়ভাবেই গাজর খাওয়া উপকারী।
২. পালং শাক
সবুজ পালং শাকে রয়েছে ভিটামিন ‘এ’, ‘সি’ এবং প্রচুর আয়রন। এই উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। তাই চিকেন পক্সের ঝুঁকি এড়াতে বা আক্রান্ত হলে দ্রুত সুস্থ হতে প্রতিদিনের খাদ্যতালিকায় পালং শাক রাখা জরুরি।
৩. ব্রকলি
ফুলকপির মতো দেখতে সবুজ রঙের এই সবজিটি অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ‘সি’-এর ভাণ্ডার। ব্রকলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর। নিয়মিত ব্রকলি খেলে শরীর জীবাণুর বিরুদ্ধে লড়াই করার শক্তি পায় এবং দ্রুত সুস্থ হয়ে ওঠে।
৪. মিষ্টি আলু
স্বাদে মিষ্টি ও পুষ্টিতে ভরপুর মিষ্টি আলু শরীরের নানা রোগ সারাতে ভূমিকা রাখে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ এবং ফাইবার রয়েছে। এই উপাদানগুলো ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত করতে এবং সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
চিকিৎসকরা পরামর্শ দেন, এই সময়ে প্রচুর পানি পান করার পাশাপাশি সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করলে চিকেন পক্সের মতো সংক্রামক রোগ থেকে দূরে থাকা সম্ভব।